কিশোরগঞ্জ ও পাটগ্রামে তিনজন নিহত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ও লালমনিরহাটের পাটগ্রামে গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক ও এক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামের কালা মাহমুদের ছেলে শ্রমিক জামিয়ার রহমান (২৬), একই গ্রামের সামছুল হকের ছেলে শ্রমিক আবদুর রশিদ (২৭) ও পাটগ্রাম পৌরসভার বানিয়াপাড়া গ্রামের ভ্যানচালক মিন্টু মিয়া (৩২)।
কিশোরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আলুর বস্তাভর্তি একটি ট্রাক মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নিতাই ইউনিয়ন পরিষদের (ইউপি) পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরিষদসংলগ্ন পুকুরে উল্টে পড়ে। এ সময় ট্রাকের আলুর বস্তার ওপরে থাকা তিন শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে শ্রমিক জামিয়ার ও রশিদকে মৃত ও অপর শ্রমিক একই ইউনিয়নের থেরথেরিপাড়া গ্রামের বজরু মাহমুদের ছেলে ইউনুছ আলীকে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
পাটগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার মির্জারকোট মাজার এলাকায় গত মঙ্গলবার রাত নয়টার দিকে একটি মালবাহী ট্রাক যাত্রীবোঝাই ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে পড়ে ভ্যানচালক মিন্টু নিহত হন।