কিশোরগঞ্জ জেলা তথ্য বাতায়নে তথ্যবিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলার প্রয়োজনীয় তথ্য সহজে পেতে ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন’ নামে চালু হওয়া ওয়েবে ভুল ও ত্রুটিপূর্ণ তথ্য সন্নিবেশিত করা হয়েছে। এতে তথ্যপ্রত্যাশীদের বিভ্রান্তির শিকার হতে হচ্ছে৷
ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প হিসেবে সরকার ২০১০ সালের শুরু থেকে ‘জাতীয় তথ্য বাতায়ন’ নামে একটি ওয়েব চালু করে৷ এর ধারাবাহিকতায় গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগবিষয়ক উপদেষ্টা (আইসিটি) সজীব ওয়াজেদ ওয়েবটির সমন্বয় করছেন৷ তথ্য বাতায়ন সমন্বয় করছে জেলা প্রশাসন৷ কিশোরগঞ্জ জেলার ওয়েব ঠিকানা www.kishoreganj.gov.bd
গত সোম ও মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা তথ্য বাতায়নে ঢুঁ মেরে দেখা গেছে, জেলা সম্পর্কিত, জেলা প্রশাসন, স্থানীয় সরকার, সরকারি অফিস, অন্যান্য প্রতিষ্ঠান, ই-সেবা ও ফটো গ্যালারিসহ সাতটি বিভাগ নিয়ে মূল পাতাটি সাজানো হয়েছে। মূল বিভাগের বাইরে জেলার ১৩ উপজেলার জন্য খোলা হয়েছে আলাদা ওয়েবপেজ৷ মূল সাতটি বিভাগে জেলার সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হয়েছে। উপজেলায় আছে তার বিস্তারিত।
অনুসন্ধানে দেখা গেছে, মূল বিভাগে দেওয়া তথ্যের সঙ্গে উপজেলার ওয়েবপেজের তথ্য মিলছে না। বিশেষ করে জনপ্রতিনিধির বিভাগটি ভুলে ভরা। ভুল আছে পত্র-পত্রিকা, স্বাস্থ্যবিষয়ক ও সরকারি কর্মকর্তাদের নামের তালিকায়ও৷
মূল বিভাগে অষ্টগ্রাম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানের শহিদুল হকের নাম অন্তর্ভুক্ত করা হলেও উপজেলা ওয়েবপেজ থেকে আগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তাক আহমেদ কমলের নাম সরানো হয়নি৷ একই অবস্থা বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের ক্ষেত্রেও৷ মূল ওয়েবপেজে মেয়র হিসেবে দেখানো হচ্ছে আগের মেয়র ইয়াকুব কুফিয়া হেলালকে। আবার উপজেলা ওয়েবপেজে দেওয়া আছে এহসান কুফিয়ার নাম। উপজেলা চেয়ারম্যান হিসেবে মূল পেজে বর্তমান চেয়ারম্যান সারোয়ার আলমের নাম থাকলেও উপজেলা ওয়েবপেজে এখনো আছে আগের চেয়ারম্যান শেখ নুরুন্নবী বাদলের নাম৷
করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের নাম আছে মূল পেজে। কিন্তু উপজেলা পেজে আছে জনাব আলীর নাম। ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামটিও দুই বিভাগে দুজনের। কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ছবি যুক্ত থাকলেও নাম লেখা হয়নি৷
আরও জটিলতা তৈরি করা হয়েছে কুলিয়ারচর উপজেলা ও পৌর জনপ্রতিনিধির তালিকা নিয়ে। সেখানে মূল পেজে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়র দুই পদে নুরুল মিল্লাতের নাম রাখা আছে। নুরুল মিল্লাত বর্তমানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং মেয়র আবুল হাসান কাজল৷ আবার উপজেলা বিভাগে নুরুল মিল্লাতকে মেয়র হিসেবে দেখানো হচ্ছে। বেশ কয়েকটি উপজেলার ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের নামও হালনাগাদ করা হয়নি৷
ভৈরব উপজেলার সাংবাদকর্মীর নামের তালিকায় প্রথম শ্রেিণর কয়েকটি পত্রিকার সাংবাদিকদের নাম সন্নিবেশ করা হয়নি৷ আর যাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের ক্ষেত্রে গণমাধ্যমের নামের কলামটি পুরোপুরি পূরণ করা হয়নি৷ যে কয়েকটি হয়েছে, তার মধ্যে ভুল রয়েছে। ভৈরবের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের নাম ছাড়া আর কোনো ব্যক্তির নাম আসেনি৷
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ বলেন, এই তালিকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, বাম রাজনীতিক ও লেখক রেবতী মোহন বর্মণের নাম অন্তর্ভুক্ত না থাকায় অনেকে হতাশ হয়েছেন৷ স্বাস্থ্য বিভাগে কোথাও চিকিৎসকদের নাম হালনাগাদ করা হয়নি৷
কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ সাদি বলেন, কিশোরগঞ্জ তথ্য বাতায়নে চোখ রাখলে মনে হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে হাস্যরস করা হচ্ছে৷
জানতে চাইলে কিশোরগঞ্জ তথ্য বাতায়নের সমন্বয়কের সহযোগী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আলম কিছু ভুল থাকার কথা স্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার ওয়েবটি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন৷ এরপর আমাদের কাছে নির্দেশ আসে কয়েক দিন হালনাগাদ না করার।’ তিনি আরও জানান, কিছুদিনের মধ্যে ভুল তথ্য সংশোধন করা হবে।