কিশোরগঞ্জে উলফা নেতা ও সহযোগীর যাবজ্জীবন
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষ পর্যায়ের নেতা রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন কিশোরগঞ্জের একটি আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের বিশেষ ট্রাইবু্যনাল ১-এর বিচারক মো. মাহবুব উল ইসলাম সন্ত্রাস দমন আইন ও অস্ত্র আইনে করা দুটি মামলায় গতকাল বুধবার এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার আগে রঞ্জন ও প্রদীপকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণ, আদালত ও স্থানীয় সূত্র জানায়, রঞ্জন চৌধুরী (৪৭) ভারতের আসামে মেজর রঞ্জন ও প্রদীপ রায় হিসেবে পরিচিত। তিনি আসামের ধুবড়া জেলার গৌরিপুর থানার মধু শোলমারি গ্রামের মৃত মধুসূধন রায়ের ছেলে। রঞ্জন উলফা নেতা পরেশ বড়ুয়ার সহযোগী হিসেবে পরিচিত। প্রদীপ মারাকের (৫৭) বাড়ি বাংলাদেশের শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামে। তাঁর বাবার নাম আরত সাংমা।
রঞ্জন ২০০৭ সালে ঝিনাইগাতীর গজনীর বাসিন্দা মহিন্দ্র হাগিদের মেয়ে সাবিত্রী ম্রংকে বিয়ে করে গোপনে বাংলাদেশে অবস্থান করছিলেন।
র্যাব জানতে পারে, রঞ্জন ঝিনাইগাতী অবস্থান করে উলফা সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন। পরে তাঁকে আটকের জন্য অভিযান শুরু করে র্যাব। ২০১০ সালের ১৭ জুলাই গভীর রাতে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাঁদের আটক করেন তৎকালীন র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা (বর্তমানে র্যাব-১৪)। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার হয় দুটি পিস্তল, চারটি গুলি, হাতবোমা তৈরির উপকরণসহ চারটি বোমা ও কিছু বিস্ফোরক দ্রব্য। পরে র্যাবের উপপরিচালক (ডিএডি) মো. করিম উল্লাহ ভৈরব থানায় সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র, বাংলাদেশে অনুপ্রবেশ ও বিস্ফোরক আইনে চারটি মামলা করেন। প্রতিটি মামলায় তাঁদের অভিযুক্ত করা হয়। চারটির মধ্যে গতকাল সন্ত্রাস দমন আইন ও অস্ত্র আইনে করা দুটি মামলার রায় হয়।
সন্ত্রাস দমন আইনে দুজনকেই যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারদণ্ড দেওয়া হয়। অস্ত্র আইনে রঞ্জন চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হলেও প্রদীপ মারাককে খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার পর কারাগারে নেওয়ার পথে রঞ্জন চৌধুরী সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি হইচই করতে থাকেন। চিৎকার করে বলতে থাকেন, ‘মিথ্যার ওপর নির্ভর করে আমাকে সাজা দেওয়া হয়েছে। আমার প্রতি অন্যায় করা হয়েছে। এটা কোনো অবস্থাতেই সঠিক বিচার হতে পারে না।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহ আজিজুল হক বলেন, উলফা নেতা মেজর রঞ্জন বাংলাদেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এই রায় অনুপ্রবেশকারী ও তাদের সহযোগীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তবে আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান ও সাইদুর রহমান মন্তব্য করেন তাঁরা ন্যায়বিচার পাননি।
শেরপুর প্রতিনিধি জানান, রঞ্জনের শ্বশুরবাড়ি ঝিনাইগাতীর সীমান্তবর্তী কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আনারউল্লাহ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, সীমান্তবর্তী এ অঞ্চলে দীর্ঘদিন উলফার কার্যক্রম চলেছে এবং এর সঙ্গে রঞ্জন জড়িত ছিলেন। এ রায়ে ঝিনাইগাতীর মানুষ খুশি হয়েছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।
অপরদিকে রায় প্রসঙ্গে জানতে চাইলে ঝিনাইগাতীর গজনী অবকাশকেন্দ্রসংলগ্ন বড় গজনী এলাকার বাসায় অবস্থানরত রঞ্জনের স্ত্রী সাবিত্রী ম্রং মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো কিছু বলার নাই। আমার কপাল খারাপ। তাই আদালত যা ভালো মনে করেছেন, সেই রায়ই দিয়েছেন।’