কিশোরগঞ্জে একজনের মৃত্যুদণ্ড ৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েজ উদ্দিন ওরফে ফটিক নামে এক ব্যক্তিকে অপহরণের পর হত্যার দায়ে শরীফ মিয়া নামের এক ব্যক্তিকে মৃতদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঞা গতকাল রোববার এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামিল মিয়া, সোলায়মান মিয়া, নূর মোহাম্মদ (পলাতক), সাদেক মিয়া ও আলমগীর মিয়া। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আবদুল খালেক ও আসামিপক্ষে ছিলেন মিয়া মো. ফেরদৌস ও নাসির উদ্দিন।
মামলার বিবরণ থেকে জানা যায়, কটিয়াদী উপজেলার চানপুর গ্রামে ওয়েজ উদ্দিন উরফে ফটিক নামে এক ব্যক্তি ২০০৮ সালের ১ অক্টোবর রাতে অপহৃত হন। ৮ অক্টোবর চানপুরের ফাইন ফুড ফিসারিতে তাঁর মস্তকবিহীন লাশ পাওয়া যায়। এ ব্যাপারে ফটিকের ভাই মইন উদ্দিন বাদী হয়ে কটিয়াদী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামি আলমগীর মিয়াকে গ্রেপ্তার করে। আলমগীর হত্যার দায় স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দেন। পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।