কিশোরগঞ্জে ওষুধ কোম্পানির ৩২ কর্মকর্তাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল রোববার বিভিন্ন ওষুধ কোম্পানির ৩২ জন কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিকে জরিমানা করেছেন। বিনা অনুমতিতে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের কাছে ভিড় করার দায়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদের নেতৃত্বে আদালত হাসপাতালে অভিযান চালান। এ সময় র্যাব-১৪ কিশোরগঞ্জের একটি দল উপস্থিত ছিলেন। অভিযানে ওই ৩২ জনকে আটক করেন তাঁরা। পরে আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে কারাদণ্ড বাতিল করে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আবু তাহের মো. সাঈদ জানান, ‘টাউট অ্যাক্ট’ অনুযায়ী আটক প্রত্যেককে এ জরিমানা করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ল্যাবএইড ফার্মার আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুর রহমান, অপসনিন ফার্মার আঞ্চলিক ব্যবস্থাপক লিটন চন্দ্র দাস, লিব্রা ইনফিউশনের আঞ্চলিক ব্যবস্থাপক দীপক দেবনাথসহ বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধি।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মৃণাল কান্তি পণ্ডিত বলেন, ‘৩২ জনকে আটকের পর প্রথমে ১৫ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়ার বিষয়টি শুনেছি। পরে তাঁদের প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি জানান, ওষুধ কোম্পানির লোকদের কেবল রোববার এবং বুধবার বেলা একটার পর হাসপাতালে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর জরুরি বিভাগে তাঁদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু তাঁরা বেপরোয়া হয়ে জরুরি বিভাগেও ভিড় জমান। এতে চিকিৎসাসেবা ব্যাহত হয়।