
নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ ও উপপরিদর্শক (এসআই) রায়হান আলীর অপসারণের দাবিতে আবারও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমানকে লাঞ্ছিত করার অভিযোগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে সড়ক অবরোধ করে সমাবেশ করে তারা। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এর আগে একই দাবিতে ১১ অক্টোবর দুপুরে শহরে কিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ১২ অক্টোবর দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সড়ক অবরোধের সময় গতকাল উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, অর্থ সম্পাদক রশিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম রায়, সম্পাদক গোলাম রাব্বানী শাহ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সম্পাদক আরিফুজ্জমান প্রমুখ। সমাবেশ থেকে আজ সোমবার দুপুরে থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করা হয়।
কয়েকজন আন্দোলনকারী বলেন, পুটিমারী দুর্গাপূজামণ্ডপ চত্বরে ১০ অক্টোবর সন্ধ্যায় ছাত্রলীগের কর্মী বাবলা মিয়াকে মারধর করে পুলিশ। হিজবুল্লাহ এর কারণ জানতে চাইলে বাবলাকে নিয়ে তাঁকে ওসি বজলুর রশীদ থানায় যেতে বলেন। রাত সাড়ে ১২টার দিকে তাঁরা থানায় গেলে ওসি ও এসআই রায়হান তাঁদের আধা ঘণ্টা আটকে রেখে হিজবুল্লাহর ওপর শারীরিক নির্যাতন চালান। পরে তাঁদের রাত একটার দিকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর ছাত্রলীগ ওই দুই কর্মকর্তার অপসারণের দাবিতে আন্দোলন করছে।
ওসি বজলুর রশীদ বলেন, ‘নেশাগ্রস্ত কিছু ছেলে ১০ অক্টোবর সন্ধ্যায় পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। সেখানেই বিষয়টি মীমাংসাও হয়। ওই রাতে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী থানার সামনে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করলে আমি হালিম ও হিজবুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। কিন্তু অন্যরা তাতে রাজি না হয়ে ওই দুজনকে সঙ্গে করে থানা চত্বর থেকে বেরিয়ে যান। থানায় কাউকে লাঞ্ছিত করা হয়নি।’