কিশোরগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ
কিশোরগঞ্জ সদরের বৌলাই এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল শনিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ-চামটা সড়কের হাবিবনগর এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকাবাসীর পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলও করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যার পর পাশের বাড়িতে টিভি দেখতে যাওয়ার সময় সদর উপজেলারএকটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ওই এলাকার শফিক মিয়া (২৫)। এ সময় সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসায় শফিক পালিয়ে যান। ঘটনার পর ওই ছাত্রীকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সোমবার রাতে শফিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
সদর মডেল থানার ওসি জানান, এ ঘটনায় হওয়া মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।