কিশোরগঞ্জে ট্রলারডুবি নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ওরস থেকে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় তিন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ঝড়ের কবলে পড়ে গতকাল মঙ্গলবার ভোরে কলমা ইউনিয়নের মাসকা নদীতে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের আফতাব উদ্দিন (৩৫), সোহেল মিয়া (৩০) ও রজব আলী (৪৫)।
তীরে উঠে আসা যাত্রীরা বলেন, ট্রলারটিতে নয়জন পুরুষ যাত্রী ছিলেন। ওরসে যোগ দিতে তাঁরা গত সোমবার মিঠামইনের খলাপাড়া গ্রাম থেকে ভাড়ায় একটি ট্রলার নিয়ে অষ্টগ্রামে যান। ভোর চারটার দিকে ট্রলারটি অষ্টগ্রাম থেকে খলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। তখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কিছুক্ষণ পর ঝোড়ো বাতাস শুরু হয়। ভোর চারটার পর ঝড়ের গতি বাড়ে। সাড়ে চারটার দিকে ট্রলারটি ডুবে যায়। এ সময় ছয় যাত্রী সাঁতরে তীরে ওঠেন।
তীরে ওঠা যাত্রীদের মধ্যে তোফাজ্জল হোসেন বলেন, ঝড়ের গতি বাড়লে ট্রলারটি ভারসাম্যহীন হয়ে পড়ে। মাঝি তখন ট্রলারটি তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু প্রচণ্ড ঢেউ থাকায় দ্রুত তীরের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
অষ্টগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, কলমা ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় উদ্যোগে জাল ফেলে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা হচ্ছে।