কিশোরগঞ্জে নৌকাডুবিতে মাদ্রাসার অধ্যক্ষ নিখোঁজ
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন এক মাদ্রাসাশিক্ষক। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে বড় হাওরে এ নৌকাডুবির ঘটনায় ওই শিক্ষকের পরিবারের আট সদস্য সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনি উঠতে পারেননি।
নিখোঁজ মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিন (৪৫) কান্দাইল দাখিল মাদ্রাসার অধ্যক্ষ। তিনি উপজেলার ইন্দা গ্রামের বাসিন্দা।
নিখোঁজ ব্যক্তির স্বজন মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, মাওলানা হাফিজ পরিবারের আট সদস্যকে নিয়ে উপজেলার বারুক এলাকা থেকে হাতে চালানো ডিঙি নৌকায় নিজ গ্রাম ইন্দায় যাচ্ছিলেন। পথে বারুক এলাকার পাশেই বড় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় হাফিজ ছাড়া বাকি সাতজন সাঁতরে তীরে ওঠেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ২০টি ডিঙি নৌকা নিয়ে জাল দিয়ে মাদ্রাসার অধ্যক্ষ হাফিজকে খোঁজা হচ্ছে। কিন্তু তাঁর সন্ধান মেলেনি।