কিশোরগঞ্জে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গৃহীত
একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৩১ মে এ মামলায় শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এ আদেশ দেন।
১০ মে কিশোরগঞ্জের এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাঁদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে। এই পাঁচজন হলেন শামসুদ্দিন আহমেদ (৬০) ও তাঁর ভাই নাসির উদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮), হাফিজউদ্দিন (৬৬) ও আজহারুল ইসলাম (৬০)। এঁদের মধ্যে শামসুদ্দিন আহমেদ কারাগারে আটক আছেন। বাকি চারজনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
সংশোধনী: গতকাল প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘যশোরের ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা’ শীর্ষক প্রতিবেদনে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নাম অসাবধানতাবশত ভুলভাবে ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।