কিশোরগঞ্জে প্রতিবাদকারীরা সংবর্ধিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রথম প্রতিবাদকারীদের সংবর্ধনা দিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা কমিটির সহসভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ ও জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক নাসিরউদ্দিন ফারুকী। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার এবং স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলা করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন আমিরুল ইসলাম (মরণোত্তর), ভূপেন্দ্র ভৌমিক, অশোক সরকার, হালিম দাদ, হাবিবুর রহমান, এনামুল হক, সেকান্দর আলী (মরণোত্তর), পীযূষ কান্তি, অলক ভৌমিক, আকবর হোসেন (মরণোত্তর), গোলাম হায়দার, রফিক উদ্দিন, নূরুল হোসেন, গোপাল দাস, আলী আসগর, সাইদুর রহমান, নির্মলেন্দু চক্রবর্তী (মরণোত্তর), আবদুল আহাদ (মরণোত্তর), অরুণ কুমার ও লিয়াকত আলী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধু হত্যার খবর শুনে তৎকালীন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা কিশোরগঞ্জের রাজপথে মিছিল করে হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ করেছিলেন।