কিশোরগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ ভায়া পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়ার বরাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার তারাকান্দি গ্রামের মিয়া হোসেন (৬০), মির্জাপুর গ্রামের স্বপন মিয়া (৪০) ও বাহাদিয়া গ্রামের আহম্মদ আলী (৪০)। আহম্মদ আলী হোমিওপ্যাথিক চিকিৎসক, স্বপন মিয়া মৎস্য ব্যবসায়ী ও মিয়া হোসেন কৃষক।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে জলসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাকুন্দিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। আর ইজিবাইকটি মির্জাপুর থেকে পাকুন্দিয়া সদরের দিকে যাচ্ছিল। যান দুটি বরাটিয়া এলাকা অতিক্রমের সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করেন। তিনি বলেন, ইজিবাইকের তিন আরোহী নিহত হওয়াসহ দুটি যানের অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দক্ষিণ বাহাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম (৩০), বাহাদিয়া গ্রামের রুবেল (২৩), বোরহান উদ্দিন (৩৫), শিরিন আক্তার (২২), শিরিনের মেয়ে ইভা (৮ মাস), চরপাড়াতলা গ্রামের লতিফা বেগম (১৯) ও ইজিবাইকচালক কিরণ মিয়াকে (৩৫) কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবদুল হামিদ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। থানার ওসি জাকির রব্বানী বলেন, বাসটি আটক করা গেলেও এর চালককে ধরা যায়নি।