কিশোরগঞ্জে বাস ধর্মঘট অব্যাহত, জনদুর্ভোগ
বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকা কিশোরগঞ্জে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে।
শহরের গাইটাল বাসস্ট্যান্ডে গতকাল সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায়, বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য শতাধিক যাত্রী জড়ো হয়েছেন। জেলার হাওর এলাকার ইটনা থেকে স্ত্রী-সন্তান নিয়ে এই বাসস্ট্যান্ডে আসা কবির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আসছিলাম ঢাকায় বড় ছেলের বাসায় বেড়াতে যাব বলে। এত দূর থেকে এসে শুনি বাস চলাচল নাকি বন্ধ। এখন কী বিপদেই না পড়লাম!’
করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রাম থেকে মরিয়ম আক্তার নামের এক নারী এসেছেন দুই সন্তান নিয়ে। তাঁর স্বামী গাজীপুরে কাজ করেন। সেখানে যেতে চান। তিনি বলেন, বাস চলাচল বন্ধ থাকায় বাচ্চাদের নিয়ে মুশকিলে পড়েছেন।
কিছু কিছু যাত্রীকে দেখা যায় স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় নানা জায়গায় যাচ্ছেন।
পরিবহন মালিকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী শফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন যাত্রাপথে চলাচলকারী বাসচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছিল। এর প্রতিবাদ করায় গত শনিবার জেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তালাবদ্ধ করে দেয়। এর প্রতিবাদে ও শফিকুলকে গ্রেপ্তারের দাবিতে গত রোববার সকাল থেকে ধর্মঘট কর্মসূচি চলছে।
কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে বলেন, ‘আমরা এ ব্যাপারে রোববার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। শফিকুলকে গ্রেপ্তার ও বাস চলাচলের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছিলাম। আজ (গতকাল) রাতের মধ্যে দাবি মেনে না নিলে আজ বুধবার থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।’
চাঁদাবাজি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে শফিকুল বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে একটি মহল এসব রটাচ্ছে।’
এদিকে শ্রমিক নেতাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।