কিশোরগঞ্জে বাস ধর্মঘট, দুর্ভোগে হাজারো যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে এক শ্রমিক নেতার শাস্তির দাবিতে মালিকপক্ষের ডাকে গত দুদিন ধরে বাস ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০১২ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। সে সময় তিন বছরের জন্য শহীদ মিয়া সভাপতি ও কাঞ্চন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিছুদিন যেতে না-যেতেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ বাঁধে। মালিকপক্ষের সঙ্গে কাঞ্চনের সম্পর্কও ভালো যাচ্ছিল না। এসব ঘটনাকে কেন্দ্র করে দেড় বছর ধরে কিশোরগঞ্জের পরিবহন খাতে উত্তেজনা দেখা দেয়। দুই মাস আগে ওই কমিটিও বিলুপ্ত হয়। কাঞ্চন বিষয়টি মেনে নিতে পারেননি। কাঞ্চন নির্বাচনের দাবি করছিলেন। কিন্তু তফসিল ঘোষণা হচ্ছিল না। এ অবস্থায় নির্বাচনের দাবিতে কাঞ্চন গত শনিবার তাঁর অনুসারীদের নিয়ে বাস ধর্মঘটের ডাক দেন। জেলা প্রশাসনের মধ্যস্থতায় ওই দিনই তফসিল ঘোষণা হয়। পরে কাঞ্চন ওই দিনই ধর্মঘট তুলে নেন। কিন্তু বেঁকে বসে মালিকপক্ষ। মালিকপক্ষ ওই দিন রাতেই জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে জরুরি সভায় বসে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় কাঞ্চনের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে তারাও ধর্মঘটে যাবে। পরে গত রোববার থেকে মালিকপক্ষ ধর্মঘট শুরু করে।
এ ব্যাপারে কাঞ্চন বলেন, কিশোরগঞ্জে বাসমালিকেরা সব সময় শ্রমিকদের মধ্যে বিবাদ লাগিয়ে রাখতে পছন্দ করেন। মালিকপক্ষের ইন্ধনের কারণেই নির্বাচনের প্রক্রিয়া আটকে আছে। বাধ্য হয়ে তাঁকে ধর্মঘটে যেতে হয়েছিল। কাঞ্চনের অভিযোগ অস্বীকার করে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে বলেন, ‘নিজের স্বার্থে কাঞ্চন পরিবহন খাতকে অস্থির করে রেখেছেন।’
শ্রমিকের বিরুদ্ধে মালিকপক্ষ ধর্মঘটে যেতে পারে কি না—এমন প্রশ্নে মানিক রঞ্জন দে বলেন, ‘কী করব? এক কাঞ্চনই দুই বছরে ১৮ বার ধর্মঘটের ডাক দিয়েছেন। বাধ্য হয়ে আমরা তাঁর বিরুদ্ধে প্রথমবারের মতো ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।’
এদিকে ধর্মঘটের কারণে গতকাল সোমবার শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনাল, বত্রিশ বাসস্ট্যান্ডসহ কোনো স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শত শত যাত্রী বাস না পেয়ে হতাশ হয়ে স্ট্যান্ড ছেড়ে যান। তাঁদের অনেকে ট্রেনে, অনেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ৫৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভৈরবে এসেছেন। পরে ভৈরব থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস ধরেছেন।
গতকাল দুপুরে ভৈরব বাসস্ট্যান্ডে কথা হয় শহরের গাইটাল মহল্লার শিক্ষক আবদুর রশিদের সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকায় যাওয়ার জন্য সকালে বাসস্ট্যান্ডে গিয়ে শুনি ধর্মঘট। স্টেশনে এসেও ট্রেন পাইনি। বাধ্য হয়ে অটোরিকশায় দেড় ঘণ্টার পথ পাড়ি দিয়ে ভৈরবে আসতে হয়েছে।’ ধর্মঘটে তাঁর মতো কয়েক শ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
জেলা প্রশাসক এস এম আলম বলেন, ‘আমার মনে হয় মূল সমস্যা নির্বাচন না হওয়া। তফসিল ঘোষণা হয়েছে। আর সমস্যা থাকার কথা না।’ কাঞ্চনের বিরুদ্ধে বাসমালিকদের শাস্তির দাবির বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘এগুলো কিছু না। মালিকদের বাস চালাতে বলেছি। আশা করি, তাঁরা আমার কথা শুনবেন।’