কিশোরগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার
কিশোরগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের মধ্যস্থতায় বাসমালিকেরা গতকাল মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেন। এতে করে দুই দিন ধরে সড়ক পরিবহনে চলা অচলাবস্থার নিরসন হলো।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে বলেন, ‘এসপি স্যার আমাদের ডেকেছেন। আমরা গেছি। তিনি আমাদের দাবির বিষয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। স্যারের আশ্বাস পাওয়ার পর আজ (মঙ্গলবার) থেকে ধর্মঘট তুলে নিয়েছি।’
পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে শ্রমিকদের মধ্যে বিভক্তি দেখা দেয়। একটি পক্ষের নেতৃত্ব দেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া। সংগঠনের কমিটির নির্বাচনের দাবিতে কাঞ্চন গত শনিবার ধর্মঘটের ডাক দিলে মালিকপক্ষ ক্ষিপ্ত হয়। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় ১১ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে কাঞ্চন ধর্মঘট থেকে সরে আসেন। কিন্তু বেঁকে বসে মালিকপক্ষ। পরে কাঞ্চনের শাস্তির দাবিতে গত রোববার থেকে তারা ধর্মঘট ডাকে। এতে কিশোরগঞ্জের সড়ক পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে। শেষে এসপি গত সোমবার রাত ১১ টার দিকে তাঁর কার্যালয়ে মালিকপক্ষের সঙ্গে সভা করেন। সভা থেকে মালিকপক্ষ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়।