কিশোরগঞ্জে শিশু হত্যা, মায়ের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে দেড় বছরের শিশু মাহাথিরকে হত্যার কথা স্বীকার করেছেন মা সালমা আক্তার। আজ রোববার সালমাকে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহাদাৎ হোসেনের আদালতে হাজির করা হয়। তখন সালমা ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পুলিশ জানায়, সালমা জবানবন্দিতে বলেছেন, তিনি রাগের মাথায় ঘরে থাকা তরকারি কাটার দা দিয়ে গলা কেটে নিজেই তাঁর সন্তানকে হত্যা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, সালমা ঘটনার ব্যাপারে অনুতপ্ত হয়ে বিচারকের কাছে ক্ষমা চেয়েছেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় নানাবাড়িতে দেড় বছরের শিশু মাহাথিরকে মা সালমা আক্তার জবাই করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় স্বামী আবুল কালাম স্ত্রী সালমার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।