কিশোরগঞ্জে সরকারি বিশ্ববিদ্যালয় হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ সদর উপজেলায় আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে গতকাল বক্তব্য দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ l ছবি: পিআইডি
কিশোরগঞ্জ সদর উপজেলায় আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে গতকাল বক্তব্য দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ l ছবি: পিআইডি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সরকার কিশোরগঞ্জে একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছে। অবিলম্বে এর নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্‌যাপন উপলক্ষে গতকাল রোববার ‘গৌরবের ১০০ বছর’ শীর্ষক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ ঘোষণা দেন।
রাষ্ট্রপতি বলেন, ‘স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের স্বপ্ন এবং স্বপ্ন জয়ের ইচ্ছা থাকতে হবে। আর এ স্বপ্ন পূরণে থাকতে হবে শিক্ষার পাশাপাশি অধ্যবসায়, চর্চা ও প্রচেষ্টা।’
রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্ব এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে ও দক্ষতায় হতে হবে বিশ্বমানের।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ ও জাতির কল্যাণই হবে তোমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কোনো ধরনের লোভ-লালসা ও হীনস্বার্থ চরিতার্থের মনোবৃত্তি যেন তোমাদের কোমল মনকে কলুষিত করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

রাষ্ট্রপতি আজিম উদ্দিন হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টিকে সরকারীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সাংসদ সোহরাব উদ্দিন, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. আফজাল হোসেন প্রমুখ।

এর আগে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে রোববার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।