কিশোরগঞ্জে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে উজ্জ্বল কুমার সূত্রধর (৪২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আগে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ওই টাকা আদায় করে তা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদানের কথা বলা হয়েছে।
গতকাল বুধবার সকালে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদী গোলাম সারওয়ার এ রায় দেন।
আদালত সূত্র ও মামলার বিবরণ থেকে জানা গেছে, উজ্জ্বলের বাড়ি জেলার করিমগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামে।
১৬ বছর আগে তিনি হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের সুনীল চন্দ্র মণ্ডলের মেয়ে মণি রানী মোদককে বিয়ে করেন। বিয়ের পর যৌতুকের জন্য তিনি স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন।
নির্যাতন সহ্য করতে না পেরে ২০০২ সালের শুরুর দিকে মণি বাবার বাড়ি চলে আসেন। আর যৌতুক দাবি করবেন না— এমন শর্তে ওই বছরের ২৭ জুন উজ্জ্বল স্ত্রীকে আবার বাড়ি নিয়ে যান।
বাড়িতে আনার ১৩ দিন পর মণিকে নির্যাতন করে হত্যা করা হয়। পরে স্বামীর বাড়ির লোকজন মণির মৃতদেহ করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় মণির বড় ভাই উত্তম কুমার মোদক বাদী হয়ে মামলা করেন। পুলিশ উজ্জ্বল ও তাঁর মা গীতা রানীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত গতকাল গীতা রানীকে বেকুসর খালাস দেন।