কিশোরগঞ্জের দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীর ‘রাজাকার কমান্ডার’ সৈয়দ মো. হুসাইন ও ‘রাজাকার’ মোসলেম প্রধানের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এর আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ আনুষ্ঠানিক অভিযোগের ওপর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। এ মামলায় পরবর্তী আদেশের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গত ৩ ডিসেম্বর হুসাইন ও মোসলেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন লঙ্ঘনসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। এগুলোর মধ্যে রয়েছে ৬২ জনকে হত্যা বা গণহত্যা, ১১ জনকে অপহরণ, আটক ও নির্যাতন এবং প্রায় ২৫০টি বাড়িঘর লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই সৈয়দ মো. হুসাইন (৬৪) ও তাঁর সহযোগী মোসলেম প্রধানের (৬৬) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি গ্রামের নিজ বাড়ি থেকে মোসলেমকে পুলিশ গ্রেপ্তার করে। তবে হুসাইন এখনো পলাতক। গত ৭ অক্টোবর তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।