কিশোরগঞ্জের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পুনঃশুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে পুনঃশুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

গত সপ্তাহে ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় করে ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ জন্য কিশোরগঞ্জের ওই পাঁচজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠনের শুনানির আদেশ দেন ট্রাইব্যুনাল।

গত ১৩ মে কিশোরগঞ্জের দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে তাঁদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়।

ট্রাইব্যুনাল–১ যাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন, তাঁরা হলেন শামসুদ্দিন আহমেদ (৬০) ও তাঁর ভাই নাসির উদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮), হাফিজউদ্দিন (৬৬) ও আজহারুল ইসলাম (৬০)। তাঁদের মধ্যে শামসুদ্দিন আহমেদ কারাগারে আটক আছেন। বাকি চারজনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।