একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া কিশোরগঞ্জের এ টি এম শামসুদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হলে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম এস এম রাজিবুল হাসান তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে নান্দাইল চৌরাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, করিমগঞ্জের মধ্যপাড়া গ্রামের সহোদর মো. নাসির উদ্দিন (৬২) ও এ টি এম শামসুদ্দিনের (৬০) বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধ চলাকালে তাঁরা রাজাকার বাহিনীতে যোগ দেন। পরে করিমগঞ্জের কয়েকটি এলাকায় অপরাধ সংঘটিত করেন। চূড়ান্ত প্রতিবেদনে শামসুদ্দিনের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।