কিশোরদের ধূমপানের পেছনে পরিবারের প্রভাব

উঠতি বয়সী কিশোর যারা ধূমপায়ী তাদের বেশির ভাগেরই পরিবার বিষয়টি জানে না। আর এদের ধূমপানের সঙ্গে বাবা-মায়ের শিক্ষা, পেশা ও পরিবারের সদস্যদের ধূমপানের বিষয়টি সম্পর্কযুক্ত। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক গবেষণা-ফলাফল প্রকাশ-সংক্রান্ত এক সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর-এ অবস্থিত জনস্ হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ (জেএইচএসপিএইচ)-এর পক্ষ থেকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনের তথ্য অনুসারে পুলিশ সদস্যদের মধ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ আইনের নিয়ম ও ধারা সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে। তাদের অধিকাংশই (৯৮.৬ %) প্রকাশ্য স্থানে ও যানবাহনে ধূমপান নিষিদ্ধ করার যৌক্তিকতা বিষয়ে ইতিবাচক আচরণ দেখিয়েছেন।
বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল মালিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ সাবের হোসেন চৌধুরী। প্রায় ১০ লাখ লোক তামাকজনিত কারণে মারা যায় এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি বাস্তবায়নে আমাদের এখন থেকেই কঠোর হাতে তামাক নিয়ন্ত্রণ করতে হবে। যুবসমাজকে তামাক থেকে বিরত রাখতে জাতীয় তামাক নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক কনভেনশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, নিপসমের পরিচালক অধ্যাপক আখতারুন নাহার, বিসিসিপির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।