
ভোর থেকেই আকাশে মেঘ। একপশলা বৃষ্টি শেষেও আকাশের মুখ ভার। এর মধ্যেই সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভেজা প্রাঙ্গণে হাজারো কিশোর-কিশোরীর ভিড় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রূপ নিল জনস্রোতে। তাতেই সব অনিশ্চয়তা কাটিয়ে স্কুল প্রাঙ্গণটি হয়ে উঠল উৎসব-আনন্দের এক মহাসমাবেশ। দিনভর তাতে রং ছড়াল বিচিত্র সব আয়োজন।
কিশোর আলোর জন্মবার্ষিকী উপলক্ষে মোহাম্মদপুরের সেন্ট যোসেফ স্কুল মাঠে গতকাল শুক্রবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো কিআনন্দ উৎসব।
গতকাল সকাল পৌনে নয়টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সংগীতশিল্পী তাহসান। এই পর্বে তাঁদের সঙ্গে ছিলেন সেন্ট যোসেফ বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ও নির্বাহী সম্পাদক সিমু নাসের।
সুরের ধারার খুদে শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তাহসান বলেন, ‘আমরা কী করছি, কী পড়ছি, কেন পড়ছি—এই প্রশ্নগুলোর চেয়ে জরুরি অব্যাহতভাবে শিখে যাওয়া। আমরা সবকিছুর সঙ্গে পড়ালেখা করব। মজার মানুষ হব।’ তিনি খালি গলায় তাঁর জনপ্রিয় ‘আলো’ গানটির কিছু অংশ গেয়ে শোনান।
উৎসবের মধ্যমণি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান মাদক থেকে দূরে থাকার জন্য সবাইকে আহ্বান জানান। উদ্বোধনের আগে-পরে এ দুই তারকাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের ভিড় সামাল দিতে আয়োজকদের বেশ বেগ পেতে হয়।
আনিসুল হক বলেন, ‘কিশোর আলোয় কিছু আনন্দ আর জ্ঞানের সন্ধান দেওয়া হয়। কিশোর আলোর চাওয়া, বই পড়ার ভেতর দিয়ে কিশোর-তরুণদের জ্ঞানের বিস্তৃতি ঘটানো। আমরা বিশ্বাস করি, নিয়মিত পড়ালেখার বাইরে নাটক, সাহিত্য, শিল্পকলা, গান—এসব কিছু মিলিয়েই জীবন।’
উৎসব উদ্বোধনের পরই দুই গ্রুপে ভাগ হয়ে কিশোর-কিশোরীরা বসে যায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। একই সময়ে মূল মঞ্চে শুরু হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। গান গায় কিআর দুই স্বেচ্ছাসেবক প্রেরণা ও প্রতীক্ষা।
এরপরই মঞ্চে আসেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘আমাদের যত কাজ, যত উদ্দেশ্য—সবটাই তোমাদের অর্থাৎ, কিশোর-তরুণদের লক্ষ্য করে। আমাদের একমাত্র চাওয়া বাংলাদেশের জয়। আমরা চাই বাংলাদেশ তরুণদের নিয়ে আরও এগিয়ে যাবে। আর খুব করে চাই, কিশোর আলো প্রথম আলোর চেয়ে এগিয়ে যাক।’ তিনি বিজ্ঞান চিন্তা নামের নতুন একটি পত্রিকা আসার ঘোষণা দেন।
বেলা ১১টার দিকে মঞ্চে আসে সিসিমপুরের টুকটুকি, হালুম আর ইকরি। পর্দার এই জনপ্রিয় চরিত্রগুলোর সরাসরি উপস্থাপনা মঞ্চের সামনে উপস্থিত খুদেদের মধ্যে দারুণ আনন্দের সঞ্চার করে। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খন্দকার তাসনিম ইউসুফ ভবানীপ্রসাদ মজুমদারের ‘বাংলাটা ঠিক আসে না’ কবিতাটি আবৃত্তি করে। তার আবৃত্তিতে মুগ্ধ হয় উপস্থিত দর্শক-শ্রোতা। একইভাবে দৃষ্টিপ্রতিবন্ধী তাহসিন জারিনের উপস্থাপনা সবাইকে অশ্রুসজল করে তোলে।
এভাবে মজায় মজায় বাড়তে থাকে বেলা। ততক্ষণে উৎসব প্রাঙ্গণে আসার জন্য মানুষের দীর্ঘ সারি স্কুলের প্রবেশমুখ থেকে আসাদগেট অবধি পৌঁছে গেছে। আর ভেতরের স্টলগুলোও জমজমাট। ক্যারিকেচার, কী ভয়ংকর দেখা গেল, এভারেস্ট একাডেমির কৃত্রিম পাহাড়ে ওঠার জন্য অপেক্ষা, কাগজের ইশকুল, কমিকস কর্নার, কম্পিউটার গেম ও খাবি দাবি কলকলাবিতে ছিল উপচেপড়া ভিড়। এই পর্বসহ বিভিন্ন সময়ে মূল মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন আশফাহ্ তোয়াহা, সাদেকীন হায়দার ও সামিয়া শারমিন।
এর মধ্যে বেলা ১১টার পর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দেন তিন বিচারক শিল্পী আবুল বারক আলভী, সমরজিৎ রায়চৌধুরী ও অশোক কর্মকার। বেলা সাড়ে ১১টার দিকে লেখক-শিল্পীদের সঙ্গে চলে আড্ডা। আড্ডায় ছিলেন লেখক ফরিদুর রেজা সাগর, লেখক ও অভিনেতা আফজাল হোসেন, বেসিক আলীখ্যাত কার্টুনিস্ট শাহরিয়ার, ছড়াকার আমীরুল ইসলাম, ছড়াকার রোমেন রায়হান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, লেখক শিবব্রত বর্মণ, ছোটকাকু নাটকের দুই অভিনয়শিল্পী সীমান্ত ও মুনিয়া।
আড্ডার শেষ হতেই কিশোর আলোর গানের সঙ্গে হয় ফ্ল্যাশমব। এরপর চমকপ্রদ সব জাদু দিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন জাদুশিল্পী রাজীব বসাক। অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার ও কোচ গোলাম রব্বানী দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বেলা একটার দিকে অনুষ্ঠানে বিরতি দেওয়া হয়। বিরতির সময় বাস্কেটবল গ্রাউন্ডে সাইকেল নিয়ে নানা কসরত দেখায় ‘মোহাম্মদপুর স্ট্যান্ট ভাইপারস’। উপচেপড়া দর্শকের করতালির মধ্য দিয়ে বিরতির পর মঞ্চে আসে তিন সহোদর স্বাগতা, সন্ধি, সভ্যতা। তারা একে একে তিনটি গান গেয়ে সবাইকে মুগ্ধ করে।
দর্শক সারি থেকে মঞ্চে আসে ভিকারুন নিসা নূন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া তানজুম। তাসমিয়া বলে, ‘সকালবেলা মায়ের সঙ্গে এসেছি। খুব ভালো লাগছে। আমার জীবনের সেরা দিনগুলোর একটি। এত আনন্দ এর আগে করিনি।’

কিশোর আলোর স্বেচ্ছাসেবকদের নিয়ে বানানো র্যাপ গান গেয়ে শোনায় চার স্বেচ্ছাসেবক বন্ধু। নাচের দল ‘অ্যানোনিমাস ক্রু’ পশ্চিমা নাচের মুদ্রা হিপহপ দেখায়।
শিল্পী মিনার কোনো কারণে তাঁর গানের লিরিক ভুললেও উপস্থিত সবার যেন তা মুখস্থ। ‘আহা রে’, ‘তুমি চাইলে বৃষ্টি’ গানগুলোর বেশির ভাগ অংশ খুদে দর্শকেরাই গাইল।
টেন মিনিট স্কুল বা দশ মিনিট স্কুলের উদ্যোক্তা আয়মান সাদিক উপস্থিত কিশোরদের উজ্জীবিত করলেন তাঁর জীবনের গল্প শুনিয়ে।
কিআর বইপড়ুয়া স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত হয়েছে বুক ক্লাব। এবারের কিআনন্দে টাঙ্গাইলের কালিহাতী বুক ক্লাবকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। ক্লাবের উদ্যোক্তা ফাহিম বলে, প্রথম দিকে পত্রিকার এজেন্টকে অনুরোধ করে কিশোর আলো নিতে হতো। এখন অনেকেই কিশোর আলো পড়ে। বর্তমানে বুক ক্লাবের সদস্য ৩৫০।
আগামী এক বছরের মধ্যে ৬৪টি জেলার প্রতিটিতে জিলা স্কুল ও সরকারি গার্লস স্কুলে বুক ক্লাব গড়ে তোলা হবে বলে জানান কিআর সম্পাদক।
শেষ পরিবেশনা দিতে মঞ্চে আসে ব্যান্ড দল শিরোনামহীন। মঞ্চে এসেই শিরোনামহীনের ভোকাল তুহিন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট দলকে শুভকামনা। হারজিত ব্যাপার না। সব সময় বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আছি।’ শিরোনামহীন একে একে গেয়ে শোনায় ‘একা পাখি’, ‘ইচ্ছে ঘুড়ি’ ‘বন্ধ জানালা’ ‘হাসিমুখ’-এর মতো শ্রোতাপ্রিয় গানগুলো।
এবারের বর্ষসেরা স্বেচ্ছাসেবক মাসুদুল হক ও সেরা উদীয়মান স্বেচ্ছাসেবক তাহমিদ-উল-ইসলামকে পুরস্কৃত করা হয়। একদিকে চলছিল মূল মঞ্চের পরিবেশনা, অন্যদিকে বাস্কেটবল গ্রাউন্ডে চলছিল ‘বিডি কসপ্লেয়ারস’ এর সহযোগিতায় কসপ্লে প্রতিযোগিতা। এর ফাঁকে চলছিল মুখ দিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ তোলা বিট বক্সিংয়ের পরিবেশনা। সাঁঝের বেলা ঘনাতেই সবাই বাড়ির পথ ধরে। অপেক্ষা কিআর চতুর্থ জন্মদিনের। ২০১৪ সালের পর থেকে কিআনন্দ উৎসব যে রূপ নিয়েছে সর্বজনীন উৎসবে।