এক নবজাতক হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার শিশু আদালতের বিচারক জেসমিন আরা বেগম এ আদেশ দেন। গত ১ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানাধীন বেইলি রোডের একটি ভবনের ছয়তলার জানালার ফাঁক দিয়ে ওই নবজাতককে ফেলে দেওয়া হয়। পাশের একতলা বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রমনা থানার পুলিশ। পরে ২৫ ফেব্রুয়ারি শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কিশোরীকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক মুহাম্মদ হুমায়ুন কবির। আবেদনে বলা হয়েছে, এই কিশোরীকে তাঁর ভগ্নিপতি জোরপূর্বক ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়। কিন্তু মানসম্মানের ভয়ে সে কাউকে কিছু বলেনি। গত ১ ফেব্রুয়ারি এক ছেলেসন্তান জন্ম দেয়। সে তার অবৈধ নবজাতককে মেরে ফেলার উদ্দেশ্যে রমনা এলাকার একটি ফ্ল্যাটের ছয়তলা থেকে ফেলে দেয়। প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে কিশোরীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত ওই কিশোরীকে গাজীপুরের কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি কিশোরী তার ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রমনা থানায় একটি মামলা করে। কিন্তু এ মামলায় এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, নবজাতক মেরে ফেলানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে। আর ধর্ষণ মামলার আসামি ওই কিশোরীর ভগ্নিপতিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।