কিশোরী চম্পা হত্যায় চারজনের ফাঁসি
ফরিদপুরের কোতোয়ালি থানার কাশিমাবাদ গ্রামের কিশোরী জাকিয়া আক্তার চম্পাকে (১৪) ধর্ষণ ও হত্যার দায়ে চার আসামির ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. শামীম মণ্ডল, জাহিদুল হাসান, মো. বাবুল হোসেন ও আকাশ মণ্ডল।
আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সর্দার এ আদেশ দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর আসামি মৌসুমিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর চম্পার চাচাতো বোন পপির গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। তখন সেখান থেকে চম্পাকে শামীম ডেকে নিয়ে যান। এরপর থেকে চম্পা নিখোঁজ ছিল। ১৪ ডিসেম্বর চম্পাদের বাড়ির পাশের একটি মেহগনিগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
মামলার বিবরণীতে আরও বলা হয়, চম্পার সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক ছিল। শামীম চম্পাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু চম্পার পরিবার শামীমের সঙ্গে তার বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে শামীম মামলার অন্য আসামিদের নিয়ে চম্পাকে ধর্ষণের পর হত্যা করেন। এরপর চম্পার পরনে থাকা গায়েহলুদের শাড়ি দিয়ে মেহগনিগাছের সঙ্গে তার লাশ ঝুলিয়ে রাখে।
২০১৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত বছরের ৪ নভেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর এক বছরে বিচারকাজ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।