কিশোরী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনা নিয়ে একটি পত্রিকায় ছাপা হওয়া প্রতিবেদনের ভিত্তিতে মামলার এজাহার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে কি না, তা ১৫ জুনের মধ্যে রাঙ্গুনিয়া থানার ওসি প্রতিবেদন দিয়ে জানাতে হবে।
গত ২৩ মে একটি ইংরেজি দৈনিকে ‘কপস লেবেল টিনেজ বয় অ্যাজ সিস্টারস ভায়লেটর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদনে বলা হয়, রাঙ্গুনিয়ায় ১২ বছরের একটি মেয়ে স্থানীয় শাহ আলমের বাসায় গৃহপরিচারিকার কাজ করত। ওই মেয়ের সঙ্গে শাহ আলম সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়। এরপর শাহ আলম মেয়েটিকে গর্ভপাতে বাধ্য করে। এ ঘটনায় পুলিশ শাহ আলমকে ধরলেও পড়ে ছেড়ে দেয় এবং উল্টো ধর্ষণের শিকার কিশোরী, তাঁর মা ও ভাইকে তুলে নিয়ে থানায় আটকে রেখে নির্যাতন করে। এরপর মূল আসামির পরিবর্তে ভাইয়ের নাম যুক্ত করে পুলিশ ওই কিশোরীকে ভাইয়ের বিরুদ্ধে জবানবন্দি দিতে বাধ্য করে।
প্রতিবেদনটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টে গত রোববার রিট আবেদন করেন। গতকাল তিনি নিজে ওই আবেদনের শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। পরে আদালত ওই প্রতিবেদনের ভিত্তিতে মামলার এজাহার গ্রহণ করার জন্য রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দেন।
জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে।
রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষণের মামলা নিতে থানাকে নির্দেশ: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানায়, গতকাল চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মীর শফিকুল আলমের আদালতে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহ আলমকে (৫৫) আসামি করে মামলা করা হয়। আদালত রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এম এ নাছের প্রথম আলোকে বলেন, আদালত মামলার বাদী কিশোরীর মায়ের জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নেন। পরে তা এজাহার হিসেবে নিয়ে তদন্ত ও আসামিকে গ্রেপ্তারের জন্য রাঙ্গুনিয়া থানার ওসিকে নির্দেশ দেন।