কিশোরী বিবাহে মা-শিশু উভয়ের জীবন ঝুঁকিতে পড়ে

প্রাইমারি পাস করার আগেই মাত্র ১১ বছর বয়সে আঁখির বিয়ে হয়ে যায়। স্বামী-সংসার বোঝার আগেই সে বিবাহিত জীবনের দায়িত্ব পালন শুরু করে। স্কুলে যাওয়া বন্ধ। শাশুড়ির সঙ্গে ঘর সামলানোই তার একমাত্র কাজ। এ অবস্থায় আঁখির স্বামী ও শাশুড়িকে বুঝিয়ে পুনরায় স্কুলে যাওয়ার ব্যবস্থা করে ইমেজ প্রকল্প।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণার অংশ হিসেবে ‘তোমার জন্য আমরা’ ক্যাম্পেইনের একটি ভিডিওতে কুড়িগ্রামের আঁখির এই জীবনচিত্র উঠে আসে। একই রকম দেখা যায় গাইবান্ধার রিমা ও মর্জিনার ক্ষেত্রেও। রিমার বিয়ে হয় অষ্টম শ্রেণিতে আর মর্জিনার বিয়ে হয় দশম শ্রেণিতে পড়া অবস্থায়। বিয়ের পর দুজনেরই পড়াশোনা বন্ধ হয়ে যায়। ইমেজ প্রকল্প এগিয়ে যায় তাদের জন্যও।
আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বিবাহিত কিশোরীদের ক্ষমতায়নের উদ্যোগ-ইনিশিয়েটিভস ফর ম্যারিড অ্যাডোলেসেন্ট গার্লস এমপাওয়ারমেন্ট’ শিরোনামে ইমেজের ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিবাহিত কিশোরীদের পাশে দাঁড়ানো এবং তাদের ক্ষমতায়নের জন্য সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ২৪-৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইমেজ।
সংবাদ সম্মেলনে ‘তোমার জন্য আমরা’র ক্যাম্পেইন কর্মসূচির ধারণাপত্র পড়ে শোনান ইমেজের প্রকল্প পরিচালক ফারহানা জেসমিন হাসান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিবাহিত নারীদের মধ্যে প্রায় ৪০ লাখের বিয়ে হয়েছে কিশোরী বয়সে। তখনর তাদের গড় বয়স ছিল ১৪ বছর। বিবাহিত কিশোরীদের ৮৯ ভাগ অন্তত একবার গর্ভধারণ করেছে।
ধারণাপত্রে বলা হয়, তাদের শরীর ও মন বিয়ের জন্য প্রস্তুত হওয়ার আগেই কিশোরীদের যৌন জীবনে বাধ্য করে তাদের পরিবার ও সমাজ। ঘরের বাইরে বের হওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। সন্তান নিতে বাধ্য করা হয়। অপুষ্ট শরীরে অপুষ্ট সন্তান ধারণ করে মা-শিশু উভয়ের জীবনই ঝুঁকিতে পড়ে।
ফারহানা জেসমিন হাসান বলেন, বিয়ের পর শিশু কিংবা কিশোরীটিকে নারী হিসেবে বিবেচনা করা হয়। তার স্বপ্নগুলো হারিয়ে যায়। তার ওপর পূর্ণবয়স্ক মানুষের জীবনযাত্রা চাপিয়ে দেওয়া হয়। ইমেজ প্রকল্পের মাধ্যমে তাদের জীবনের কঠিন বাস্তবতাগুলোর প্রতি মনোযোগ দিয়ে ক্ষমতায়ন করার কাজ করা হচ্ছে। তিনি বলেন, বিবাহিত কিশোরীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০১৪ সালের নভেম্বর থেকে ইমেজ প্রকল্প কাজ করে যাচ্ছে। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের একক অর্থায়নে দেশের গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার তিনটি ইউনিয়নের ৪ হাজার ৫০০ বিবাহিত কিশোরীর মধ্যে ইমেজ প্রকল্প পরিচালিত হচ্ছে। টেরেডেস হোম নেদারল্যান্ডস এবং রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনস সম্মিলিতভাবে জাতীয় পর্যায়ে সমন্বয় সাধন, সচেতনতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসির জন্য কাজ করছে।
এই প্রকল্পের তিনটি স্থানীয় অংশীদার এসকেএস ফাউন্ডেশন, পল্লীশ্রী এবং টেরেডেস হোমস ফাউন্ডেশন ওই বিবাহিত কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পরিচালনা করছে।