জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ১৮ বছরের কম বয়সী শিশুরা সন্তান ধারণ, জন্মদান ও লালন-পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে তৈরি থাকে না। কিশোরী বয়সে বিয়ে হলে নানা রকম স্বাস্থ্যঝুঁকিতে থাকে। কিশোরী মা অসুস্থ শিশুর জন্ম দেয়, এতে শিশুর মৃত্যুর আশঙ্কা থাকে। এমনকি মায়েরও মৃত্যু হতে পারে।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিশোরীদের ওপর অব্যাহত সহিংসতা রোধবিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। বাংলাদেশের জাতীয় সংসদ ও জেনেভাভিত্তিক বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) যৌথভাবে তিন দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করেছে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বাল্যবিবাহ সিডও (নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ) ও শিশু অধিকার সনদের পরিপন্থী এবং তা মাতৃ ও শিশু মৃত্যু কমানোর পথে বাধা। বাল্যবিবাহ বন্ধ করা না গেলে ২০১৫ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) ৪ ও ৫ নম্বর লক্ষ৵ অর্জন সম্ভব হবে না।
নারীর প্রতি সহিংসতা রোধ ও অধিকার রক্ষায় সাংসদদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা রোধ ও নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য সামাজিক মূল্যবোধ ও মানসিকতার পরিবর্তন আনতে হবে।
বাংলাদেশসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের সাংসদেরা এই সেমিনারে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী অন্য দেশগুলো হচ্ছে: আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান, সামোয়া, শ্রীলঙ্কা, কিরিবাতি, টোংগা ও ভিয়েতনাম। কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সেমিনারে যোগ দিয়েছেন।
বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন বলেন, নারীর অধিকার শুধু মানবাধিকারের বিষয় নয়। এটি সামাজিক ন্যায়বিচার, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের অপরিহার্য অংশও। তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশগুলো নারীর প্রতি সহিংসতা রোধে সিডও সনদ, এমডিজিসহ বিভিন্ন মানবাধিকার ঘোষণায় অঙ্গীকার করেছে। আসুন আমরা সেই অঙ্গীকারগুলো পালন করি।’
সেমিনারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, আইপিইউ নির্বাহী কমিটির সহসভাপতি সালমা আতাউল্লাহজান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আশরাফুল মকবুল।