কিশোরী হ্যাপি আক্তারের লাশ উত্তোলনের নির্দেশ
মাদারীপুরে নিহত কিশোরী হ্যাপি আক্তারের লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন নিহত হ্যাপির মা মুক্তা বেগমের আইনজীবী মাসুদ হোসেন।
আইনজীবী মাসুদ হোসেন বলেন, মুক্তা বেগম গত ১৫ নভেম্বর বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, গত ১৩ আগস্ট তিনি বিচারিক আদালতে হ্যাপির লাশ উত্তোলন চেয়ে একটি আবেদন করেছিলেন। আবেদনে তিনি বলেছিলেন, ধর্ষণের পর হ্যাপিকে হত্যা করা হয়েছিল; কিন্তু ময়নাতদন্তে বিষয়টি উল্লেখ করা হয়নি। তাই তার লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের প্রয়োজন। কিন্তু বিচারিক আদালত হ্যাপির মায়ের ওই আবেদনটি খারিজ করেন।
এই আইনজীবী বলেন, আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। সে আবেদনের শুনানি শেষে আজ হাইকোর্ট হ্যাপি আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের ব্যবস্থা করতে মাদারীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।