কিশোরীদের জন্য বিনিয়োগ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, দক্ষতাসহ নানা দিকে উন্নয়ন ও পরিবর্তন ঘটাতে হলে তাদের জন্য আরও বিনিয়োগ করতে হবে। কিশোরীদের প্রতি প্রতিশ্রুতি বাড়াতে হবে। এর ফলে দেশের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। গতকাল মঙ্গলবার এক সেমিনারে বক্তারা এই অভিমত দেন। ‘কিশোরীদের ওপর বিনিয়োগ’ শিরোনামের ওই সেমিনারের আয়োজন করে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনএফপিএ। ডেইলি স্টার-এর আজিমুর রহমান মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুরুন্নবী বলেন, সমাজে নারীরা নিজেদের দুর্বল মনে করেন, এ জন্য তাঁরা ফাঁদে পড়েন। দেশের কিশোরীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে তাদের সঠিক শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তিনি।
ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, নারী ও কিশোরীদের সব সময় সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে হবে। কিশোরীরা যাতে নিজেরাই নিজেদের কথা বলতে পারে সেই পরিবেশ গড়ে তুলতে হবে। কিশোরীদের প্রতি প্রতিশ্রুতি আরও বাড়াতে হবে। বিভিন্ন ক্ষেত্রে কিশোরীদের অধিকার রক্ষায় ডেইলি স্টার পাশে থাকবে বলে জানান তিনি।
সাংসদ নাহিম রাজ্জাক বলেন, কিশোরীদের উন্নয়নের ক্ষেত্রে শহর ও গ্রামের চিত্র ভিন্ন। কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যসহ তাদের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সেগুলো চলমান প্রক্রিয়া।
পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রব বলেন, আমাদের দেশের কিশোরীরা এসএসসি পাস করার পর লেখাপড়া থেকে সবচেয়ে বেশি ঝরে পড়ে। এর অন্যতম একটি কারণ হচ্ছে গ্রামগুলোতে কলেজের অপ্রতুলতা। গ্রামের কলেজগুলো কিশোরীদের হাতের নাগালে করা গেলে এই ঝরে পড়া অনেকাংশ রোধ করা সম্ভব।
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল প্রকল্পের পরিচালক আবুল হোসেন বলেন, জয় নামের একটি অ্যাপস চালু করা হচ্ছে। এর মাধ্যমে আক্রান্ত কিশোরী বা নারীরা তাদের আক্রান্ত হওয়ার খবর পুলিশকে জানাতে পারবে।
ইউএনএফপিএর জনসংখ্যা ও উন্নয়ন পরামর্শক (পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার) এম শহিদুল ইসলাম বলেন, গ্রাম থেকে শহরে প্রচুর কিশোরী আসছে, যাদের অনেকে তৈরি পোশাক খাতে কাজ করছে। তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ভালো হলেও তাদের স্বাস্থ্যগত অবস্থা তেমন ভালো না। তাই তাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
সেমিনারে আরও বক্তব্য দেন ইউএনএফপিএর প্রোগ্রাম স্পেশালিস্ট ইশানি রুয়ানপুরা, যোগাযোগ কর্মকর্তা আসমা আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইদা খানম, সেফ দ্য চিলড্রেনের কর্মকর্তা জেবুন্নেসা রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর শবনম শাহনাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক আমিনুল হক প্রমুখ। অনুষ্ঠানে কিশোরীদের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ যুব উপদেষ্টা পরিষদের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল রিসার্চ ফেলো শামিম আহমেদ।