কিশোরীদের পেছনে বিনিয়োগ বাড়াতেই হবে: আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনা মাতাভেল
আর্জেন্টিনা মাতাভেল

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন বলেছেন, অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে সবকিছুতেই কিশোরীদের কথা চিন্তা করে বিনিয়োগ করতে হবে। মাসিকের সময় অনেক কিশোরী লজ্জা ও নানাবিধ কারণে স্কুলে অনুপস্থিত থাকে। ওই সময় কিশোরীরা যাতে স্কুলে অনুপস্থিত না থাকে, তাই আলাদা টয়লেট নির্মাণ করতে হবে। সার্বক্ষণিক পানির ব্যবস্থা করতে হবে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সম্প্রতি ইউএনএফপিএর কার্যালয়ে এক আলাপচারিতায় আর্জেন্টিনা এ কথা বলেন। আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এবারের প্রতিপাদ্য ‘ইনভেস্টিং ইন অ্যাডলেসেন্ট গার্লস’ বা কিশোরীদের পেছনে বিনিয়োগ।
আর্জেন্টিনা বলেন, কিশোরীদের চাহিদার কথা পরিবার ও সমাজকে বুঝতে হবে। মেয়েরা শুধু সেলাই শিখবে—এ ধরনের প্রচলিত ধারণা থেকে বের হতে হবে। কারিগরি শিক্ষা, বিজ্ঞানের মতো বিষয় মেয়েরা যাতে পড়তে পারে, সেই ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, সমান সুযোগ দিলে ছেলেদের মতো মেয়েদের কাছ থেকেও একই ধরনের ফলাফল পাওয়া যাবে। আর এসব কিছু করার জন্য কিশোরীদের পেছনে বিনিয়োগ বাড়াতে হবে।

আর্জেন্টিনা বলেন, কিশোরদের জন্যও বিনিয়োগ করতে হবে। তবে অবস্থানের কথা চিন্তা করে কিশোরীদের বিষয়টিতে প্রাধান্য দিতে হবে। জনসংখ্যার মধ্যে কিশোরীরা
প্রায়ই আলোচনা থেকে বাদ যায়। তারা এখন পর্যন্ত সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির মূল কথা হলো কেউ পিছিয়ে থাকবে না। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী ও শিশুর জন্য বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তবে তাঁর সঙ্গে যাঁরা কাজ করছেন, সবাইকে বিষয়টি অনুধাবন করতে হবে। সুশীল সমাজ, গণমাধ্যম, এনজিওকে কাজে লাগাতে হবে। সরকারের নির্বাচিত প্রতিনিধিদের এ বিষয়ে নেতৃত্ব দিতে হবে।

কিশোরীদের জন্য বিনিয়োগের বিষয়ে গুরুত্ব দিয়ে আর্জেন্টিনা বলেন, কিশোরীরা স্কুল থেকে ঝরে পড়ছে। কারিগরি শিক্ষায় অংশগ্রহণের সুযোগ সেভাবে পাচ্ছে না। গবেষণায় প্রমাণিত, এক বছরের বেশি সময় যে শিক্ষা পায়, সে ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নে অনেক বেশি অবদান রাখতে পারে। অথচ কিশোরীদের কম বয়সে বিয়ে দেওয়ার মধ্য দিয়ে তাদের সব ধরনের সম্ভাবনাকে ছেঁটে ফেলা হচ্ছে। তাদের শরীর ও মন প্রস্তুত হওয়ার আগেই সন্তান ধারণ করতে হচ্ছে। তারা অপুষ্ট সন্তানের জন্ম দিচ্ছে। তিনি বলেন, কিশোরী মাতৃত্ব অনেকটা কারখানার (ফ্যাক্টরি) মতো, যে কারখানা পণ্য উৎপাদনের জন্য প্রস্তুত নয়। ভবিষ্যৎ সন্তানের সুস্থতার জন্য সন্তান জন্ম নেওয়ার আগে থেকেই নারীর স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে। তিনি আরও বলেন, গর্ভবতী নারীর পুষ্টির দিকে নজর দিতে হবে। উন্নত মানের স্বাস্থ্যসেবা দিতে হবে। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরুষের আধিক্য থাকায় সব ক্ষেত্রে এ বিষয়গুলো যথাযথ গুরুত্ব পাচ্ছে না। তাই নারী ও কিশোরীর স্বাস্থ্য বিষয়ে পরিবারের ছেলে ও পুরুষদের সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

এসডিজি প্রসঙ্গে ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি বলেন, এসডিজিতে মানুষ হচ্ছে উন্নয়নের কেন্দ্রবিন্দু। এতে শুধু অর্থনৈতিক উন্নয়নের কথা না বলে বিশ্ব, মানুষ ও অর্থনীতির কথা বলা হয়েছে। প্রতিটি মানুষের বসবাসের উপযোগী পরিবেশের বিষয়টি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে ইউএনএফপিএ তার কাজের মধ্য দিয়ে এ ধরনের পরিবেশ নিশ্চিত করার কথাই বলছে।

ইউএনএফপিএর আর্থিক ও কারিগরি সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জেনারেশন ব্রেকথ্রু নামে একটি প্রকল্প পরিচালিত হচ্ছে। এতে ৩৫০টি স্কুল ও মাদ্রাসার ছেলেমেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, জেন্ডারসহ বিভিন্ন বিষয়ে জানানো হচ্ছে। তবে ছেলে ও মেয়েদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানার পরিধি ততটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি বলে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত কিশোর-কিশোরীরা ইন্টারনেট বা অন্যান্য মাধ্যম থেকে এ-সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রেই তারা ভুল তথ্য পাচ্ছে। বয়ঃসন্ধিকালের বিভিন্ন পরিবর্তনে তারা ভয় পাচ্ছে। এ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকলে তারা তাদের শরীর সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে।

বাল্যবিবাহ আইনের খসড়ায় বিশেষ ধারা সম্পর্কে আর্জেন্টিনা কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ইউএনএফপিএ মনে করে, যেহেতু বাংলাদেশে বাল্যবিবাহের হার বেশি, বলতে গেলে ৫০ শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যাচ্ছে ১৮ বছর বয়সের আগে; তাই বিশেষ ধারা বা শর্ত থাকলে যে বাবা-মা মেয়েদের বিয়ে দিতে চান, তাঁরা তা কাজে লাগাবেন। সচেতন বাবা-মায়ের জন্য কোনো বিশেষ ধারা বা আইনের প্রয়োজন হয় না।

যুবসমাজকে যথাযথভাবে কাজে লাগানোর বিষয়টিতে গুরুত্ব দেন আর্জেন্টিনা। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার বিষয়টিতে গুরুত্ব দেন।