কিশোরীর ঠাঁই হলো নিরাপত্তা হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে ১৫ বছরের এক কিশোরীর অবশেষে ঠাঁই হয়েছে নিরাপত্তা হেফাজতে। গত সোমবার মেয়েটির দায়দায়িত্ব কেউ নিতে না চাওয়ায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে নিরাপত্তা হেফাজতে পাঠায়।
বদরগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, বদরগঞ্জের একিট উচ্চবিদ্যালয়ে ওই মেয়েটি দশম শ্রেণিতে পড়াশোনা করত। গত ২৮ ফেব্রুয়ারি তাকে অপহরণ করা হয়েছে—এমন অভিযোগ এনে তার বাবা ৪ মার্চ বদরগঞ্জ থানায় চারজনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে তারাগঞ্জ থানার চৌপথি এলাকার আমিনুল ইসলামের ছেলে আসিফ হাবিব ওরফে ইমন (২১), থানাপাড়ার জয়নাল আবদিনের ছেলে মেহেদি (২০), মেডিকেল মোড় এলাকার মঞ্জু হোসেনের ছেলে রোকনুজ্জামান (২২) ও বদরগঞ্জ উপজেলার শেখেরহাটের আজিত হোসেনের ছেলে নুরুজ্জামান (২২)। আসামিরা পরস্পর বন্ধু।
পুলিশ জানায়, মামলার চার দিন পর গত ৮ মার্চ বদরগঞ্জ রেলস্টেশন চত্বর থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় আসিফ হাবিবকেও। তাঁরা স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিলেন বলে পুলিশ জানায়। পরে পুলিশ দুজনকেই রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের (বদরগঞ্জ) আদালতে পাঠায়। আদালত মেয়েটিকে ওই দিনেই তার মা-বাবার জিম্মায় দেন এবং পরদিন আদালত থেকে জামিনে মুক্তি পান আসিফ।
মেয়ের বাবা আবার অভিযোগ করেন, ৬ মে তার মেয়ে স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। খবর পেয়ে ১১ মে সন্ধ্যায় তিনি বদরগঞ্জ থানায় গিয়ে পুলিশি হেফাজতে মেয়েকে দেখতে পান। এ সময় পুলিশ বিস্তারিত জানিয়ে মেয়েকে নিয়ে যেতে বললে তিনি তাতে অস্বীকৃতি জানান। এরপর মেয়েটিকে বদরগঞ্জ থানার পুলিশ আদালতের মাধ্যমে রংপুরে নিরাপত্তা হেফাজতে পাঠায়।
জানতে চাইলে মেয়ের বাবা বলেন, ‘মেয়েকে আমি আর নিতে চাই না। ওরা বিয়ে করুক।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, ‘৬ মে আবারও মেয়েটি ওই ছেলের কাছে চলে যায়। পাঁচ দিন থাকার পর ছেলের অভিভাবকেরা মেয়েটিকে থানায় দিয়ে যায়। বিষয়টি প্রেমঘটিত। মেয়ে-ছেলে দুজনে একে অপরের জন্য পাগল। তারা স্বেচ্ছায় বারবার নিরুদ্দেশ হয়। সমস্যা হলো দুজনেরই বয়স কম। আমরা বিষয়টি নিয়ে কঠিন সমস্যায় পড়েছি।’
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, ‘মেয়েটির ভবিষ্যৎ নিয়ে আমিও চিন্তিত। কারণ, তার মা-বাবাও দায়িত্ব নিতে চাইছেন না।’
জানতে চাইলে অভিযুক্ত আসিফ হাবিব বলেন, ‘আমি ওকে খুব ভালোবাসি। বয়স কম হওয়ায় আমরা বিয়ে করতে পারছি না।’