কিশোরের সন্ধান মেলেনি ১৪ দিনেও

বাড়ি থেকে নিখোঁজের ১৪ দিনেও শেরপুরের নকলা উপজেলার মো. হৃদয় মিয়ার (১৩) সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি তার বাবা নকলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন।
হৃদয় মিয়া কবুতরমারী গ্রামের মো. সোহাগ মিয়ার ছেলে এবং দিশারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার সন্ধানের ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান আবদুল হালিম সিদ্দিকি গতকাল বৃহস্পতিবার বলেন, ঘটনাটি জানিয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। স্থানীয়ভাবেও খোঁজখবর নেওয়া হচ্ছে।
হৃদয়ের পরিবারের সদস্যরা বলেন, ১৭ ফেব্রুয়ারি তার বাবা-মা পাশের বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরেন। তাঁরা হৃদয়কে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। সন্ধ্যার পরও হৃদয় বাড়ি ফিরে না আসায় মুঠোফোনে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু কেউ হৃদয়ের সন্ধান দিতে পারেনি। পরে ২০ ফেব্রুয়ারি সোহাগ মিয়া জিডি করেন। নিখোঁজের ১৪ দিনেও সন্ধান না পেয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
হৃদয় মিয়ার মা রেহেনা বেগম বলেন, ‘ছেলেডারে খোঁজার এমন কোনো জায়গা বাত রাহি নাই। কিন্তু কোথাও পাওয়া যায় নাই। দিনেদুপুরে আমার ছেলেডার কী অইল।’ বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বাবা সোহাগ মিয়া বলেন, ‘ছেলে সন্ধান না পাওয়ায় পরিবারের সবার খাওয়া, ঘুম হারাম হইয়া গেছে। যে যেমনে বলতাছে, সেই ভাবেই দৌড়াইতেছি। অহন কী করমু বুঝবার পাইতাছি না।’