কিশোর অপরাধীরা বেপরোয়া!
বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার অমিত, রাহাত, রনি, মোস্তফা, কৌশিক, মিল্টন, বিলু ও নাফিউল—ওদের সবার বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। গত ১০ আগস্ট শহরের শিববাটি পুরাতন কটন স্পিনিং মিল এলাকার ফাঁকা মাঠে অমিত ও রাহাত খুন হয়। কাটনারপাড়া এলাকার শিপন মণ্ডলের ছেলে অমিত শহরে দর্জির কাজ করত। আর আবদুল আলিমের ছেলে রাহাত ছিল লেদ মেশিন কারখানার শ্রমিক।জোড়া খুনের তদন্তে বেরিয়ে আসে, অমিত-রাহাতের খুনি তাদেরই বন্ধুরা। ঈদের আগে জুতা কিনে দেওয়ার নাম করে অমিত ও রাহাতকে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশ নিশ্চিত হয়, আট বন্ধুর ওই দলটি আগে থেকেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল। ছিনতাইয়ের ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বন্ধুদের হাতেই খুন হয় অমিত-রাহাত।পুলিশের দাবি, শুধু অমিত-রাহাতের খুনের ঘটনা নয়, বর্তমানে বগুড়া শহরসহ গোটা জেলায় কিশোর অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। শিশু-কিশোরেরা জড়িয়ে পড়ছে ভয়ংকর সব অপরাধী কর্মকাণ্ডে। পুলিশ বলছে, জেলাজুড়ে দুই হাজারেরও বেশি শিশু-কিশোর অপরাধী রয়েছে। এর মধ্যে শুধু বগুড়া শহরেই রয়েছে দুই শতাধিক। গোটা জেলায় পুলিশের খাতায় থাকা এমন কিশোর অপরাধীর সংখ্যা পাঁচ শতাধিক। তবে কিশোর অপরাধ নিয়ে কাজ করছে এমন একটি বেসরকারি সংস্থা ‘টিনএজ ক্রাইম প্রিভেনশন নেটওয়ার্ক’-এর দাবি, জেলায় কমপক্ষে পাঁচ হাজার শিশু-কিশোর অপরাধী রয়েছে।শিশু-কিশোরদের মধ্যে অপরাধ-প্রবণতা বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল প্রথম আলোকে বলেন, ‘শিশু-কিশোরদের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়ার অন্যতম কারণ মাদক। মাদকাসক্ত কিশোর অপরাধীরা ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, মাদকাসক্ত শিশু-কিশোরের সুপ্ত প্রতিভা লোপ পায় ও মানবিক মূল্যবোধ নষ্ট হয়ে যায়। হারিয়ে ফেলে হিতাহিত জ্ঞান। তারা অপরাধ করে আনন্দ পায়, উল্লাস করে। তবে শিশু-কিশোরদের অপরাধে জড়িয়ে যাওয়ার পেছনে পারিবারিক টানাপোড়েন, বাবা-মার স্নেহ বঞ্চনা, খারাপ পরিবেশে বেড়ে ওঠা, দারিদ্র্যের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়া, ভগ্ন পরিবারে বেড়ে ওঠাসহ (বাবা-মার বিচ্ছেদ) শিশু বয়স থেকে মুঠোফোনের অপব্যবহারও কম দায়ী নয়।বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, বগুড়ায় গুরুতর অপরাধে জড়িয়ে পড়া দুই হাজারেরও বেশি কিশোর অপরাধী রয়েছে। এদের মধ্যে পাঁচ শতাধিক দুর্ধর্ষ ও ভয়ংকর। অপরাধ জগতের অন্ধকার থেকে তাদের ফেরাতে বগুড়ায় একটি আধুনিক কিশোর সংশোধনাগার দরকার।পুলিশের তথ্যমতে, চলতি বছরের ২৫ মে রাতে বগুড়া শহরের জলেশ্বরীতলায় দর্জিশ্রমিক কিশোর মামুনুর রশিদ (১৪) খুন হয়। তুচ্ছ ঘটনার জের ধরে তিন কিশোর সাকিবুল হাসান ওরফে আরিফ (১৪), মোশারফ আলম ওরফে রাজু (১৪) ও মুন্না (১৪) মামুনুরকে খুন করে বলে পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে। এ ঘটনায় পুলিশ গত ২ সেপ্টেম্বর সাকিবুল হাসান ও মোশারফ আলমকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।গত ১৩ জুন শহরের ঠনঠনিয়া শহীদনগর এলাকায় কলেজছাত্র নিরঞ্জন চক্রবর্তী ওরফে দীপুকে (২২) খুন করে একদল কিশোর। পুলিশ বলছে, কিশোর অপরাধী ওই দলের দলনেতা রফিক ওরফে স্বর্গ (১৭)। সে বর্তমানে পলাতক। ১৪ বছর বয়স থেকে সে অপরাধে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, মারামারিসহ ছয়-সাতটি মামলা রয়েছে।গাবতলীতে গত ২৪ সেপ্টেম্বর খেলাধুলা করার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনায় বন্ধু মঞ্জুসহ (১৭) অন্যদের হাতে খুন হয় নূর আলম (১৫)। ১০ আগস্ট বগুড়ার মহাস্থানগড় কালিদহ এলাকায় কিশোর শামিমকে (১৩) খুন করে কয়েকজন কিশোর।২৯ সেপ্টেম্বর ধুনটের বিলচাপড়ি এলাকায় কয়েকজন বখাটে কিশোরের হাতে খুন হন লিটন ফকির (২২) নামে এক তরুণ। ওই ঘটনায় পুলিশ সুমন নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে। সুমন বিলচাপড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।গত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ মাসে কিশোর অপরাধীরা বগুড়ায় অন্তত ১০টি খুন, একাধিক চুরি-ছিনতাই ও অস্ত্রবাজির ঘটনা ঘটিয়েছে। পুলিশ দাবি করছে, এসব আলোচিত ঘটনা ছাড়াও কিশোর অপরাধীরা আরও অনেক অপরাধের সঙ্গে জড়িত।