কিশোর আলো পরিবারের সঙ্গে জাফর ইকবালের অন্য রকম জন্মদিন

ঘড়িতে তখন সকাল ১০টা। ঢাকার পুরোনো ডিওএইচএস আবাসিক এলাকার গেটে কিশোর-কিশোরীদের ভিড়। সবাই কিশোর আলো পরিবারের সদস্য। কারও হাতে ফুলের তোড়া, কারও হাতে রঙিন কাগজে মোড়ানো উপহার, আবার কারও হাতে জন্মদিনের কেক। শীতের সকালে প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কে না চায়! তাদের সেই ইচ্ছা পূরণ হয়েছে খুব দ্রুতই। কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত স্বয়ং মুহম্মদ জাফর ইকবাল! কিশোর আলো বাহিনীর সদস্যদের আনন্দ ছিল দেখার মতো।
আনন্দের রেশ কাটতে না-কাটতেই প্রায় ৮০ জন কিশোরকে নিজের বাসায় নিয়ে যান মুহম্মদ জাফর ইকবাল। শুভেচ্ছা জানাতে আসা কিশোরদের সঙ্গেই কাটান অন্তরঙ্গ কিছু সময়।
গতকাল ছিল মুহম্মদ জাফর ইকবালের ৬১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কিশোর আলোর উদ্যোগে শুভেচ্ছা জানাতে আসা কিশোরদের স্বাগত জানায় জাফর ইকবালের পরিবার। স্ত্রী ড. ইয়াসমীন হক তো ছিলেনই, ছিলেন তাঁদের দুই সন্তান নাবিল ও ইয়েশিম।
প্রিয় লেখককে কাছে পাওয়ার উত্তেজনায় ড্রয়িংরুমজুড়ে তখন শুধু কিশোরদের হইচই। কে কার আগে শুভেচ্ছা জানাবে, প্রশ্ন করবে, উপহার দেবে, তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। এরই ফাঁকে এক কিশোর বন্ধু তাৎক্ষণিকভাবে তৈরি করা গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। আরেকজন আবৃত্তি করে মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে লেখা স্বরচিত কবিতা। প্রিয় লেখকের ছবি এঁকে উপহার দিয়েছে অনেকেই।
তারপর আরও চমক। বড় এক কেক আর কিশোর আলোর পাঠকদের শুভেচ্ছাসংবলিত ব্যানার নিয়ে উপস্থিত হন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ও নির্বাহী সম্পাদক সিমু নাসের। কেক কাটার পর শুভেচ্ছা-ব্যানার আর কিশোরদের ভালোবাসার উচ্ছ্বাস দেখে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এ রকম জন্মদিন আগে কখনো হয়নি।’