কিশোর আলোর কার্টুন কর্মশালা ও বই সংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাটুর্ন আমাদের সবারই প্রিয়। যে কথা সহজে বলা যায় না তা পেন্সিলের এক খোঁচায় বলে দেওয়া যায় সহজে। কিন্তু আমাদের দেশে কার্টুনিস্টের সংখ্যাটা খুব বেশি নয়। তাই কাটুর্ন আঁকতে নবীন উৎসাহীদের কাটুর্নের কলকব্জা ও এর মজার জায়গাগুলো ধরিয়ে দিতে মাসিক শিশু-কিশোর পত্রিকা কিশোর আলো আয়োজন করে এক কর্মশালা।
গতকাল কিশোর আলো-এর কার্যালয়ে প্রায় অর্ধশত উৎসাহী আঁকিয়ে অংশ নেয় প্রায় ৩ ঘন্টার এই কর্মশালায়। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ কর্মশালাটি পরিচালনা করেন উন্মাদ-এর নির্বাহী সম্পাদক ও নিউএইজ-এর কার্টুনিস্ট মেহেদী হক। সঙ্গে ছিলেন কার্টুনিস্ট আসিফুর রহমান ও মোরশেদ মিশু।
কর্মশালায় প্রথমে শেখানো হয় কার্টুনের আইডিয়া তৈরির কৌশল। কারণ কার্টুনের মূল মজাটা কিন্তু এই আইডিয়াতেই। আঁকাটা আসলে পরের ব্যাপার। আইডিয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে এভাবেই জানান মেহেদী হক। আইডিয়া নিয়ে আলোচনা শেষ হওয়ার পর শুরু হয় আঁকাআঁকি নিয়ে আলোচনা। সবশেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় এ কর্মশালার। আগ্রহীদের নিয়ে ভবিষ্যতে এমন আরও কর্মশালার কথাও ঘোষণা দেওয়া হয় কিশোর আলোর পক্ষ থেকে। বিস্তারিত জানতে আগ্রহীর কিশোর আলোর ফেসবুক পেজে নজর রাখতে বলা হয়।
কিআ বুক ক্লাবের যাত্রা শুরু: কার্টুন কর্মশালার পাশাপাশি কিশোর আলো কার্যালয়ে গতকাল বেলা দুইটায় অনুষ্ঠিত হয়ে গেল ‘কিশোর আলো বুক ক্লাব’-এর প্রথম সভা। কিআর বইপড়ুয়া স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত এই বুক ক্লাবের প্রথম সভাটি পরিচালনা করেন কিশোর আলোর নির্বাহী সম্পাদক সিমু নাসের। পড়ুয়াদের মধ্যে মজার মজার নামে নিজস্ব দল গঠন, নিজেদের মধ্যে বই বিনিময়, বইয়ের নাম দিয়ে গল্প তৈরি, বই দিয়ে টাওয়ার তৈরির মতো বিভিন্ন কার্যক্রমের শেষে বেলা তিনটায় সমাপ্তি ঘোষণা করা হয় বইপোকাদের এই মিটিং। প্রতি মাসে দুবার করে হবে বইপড়ুয়াদের এই সভা। সে সভায় যোগ দিতে চাইলে চোখ রাখতে হবে পরবর্তী সংখ্যার কিশোর আলোয়।