কিশোর উন্নয়ন কেন্দ্রে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের এক কিশোরের লাশ গতকাল শুক্রবার হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরের গলায় দাগ ও কাপড় পেঁচানো ছিল। এ ছাড়া তার হাতে ছিল বেঁধে রাখার চিহ্ন। কিশোর উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, ওই কিশোর আত্মহত্যা করেছে।সূত্র জানায়, শাহাদত আলী (১৬) নামের ওই কিশোর কুমিল্লার মনোহরগঞ্জ থানার মান্দারগাঁও আতিয়াবাড়ী এলাকার সামসুল আলমের ছেলে। সে একটি হত্যা মামলার আসামি ছিল। সংশোধনের জন্য ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি শাহাদতকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।সূত্র জানায়, গতকাল ভোরে কিশোর উন্নয়ন কেন্দ্রের লোকজন শাহাদতকে মৃত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে। সকালে সেখানে গাজীপুরের নির্বাহী হাকিম তাজিনা সারোয়ারের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক মো. রাশেদুজ্জামান বলেন, মৃত অবস্থায় ওই কিশোরকে গতকাল ভোর ছয়টার দিকে হাসপাতালে আনা হয়।নির্বাহী হাকিম তাজিনা সারোয়ার জানান, নিহত শাহাদতের গলায় দাগ ও এক টুকরো কাপড় পেঁচানো ছিল। এ ছাড়া দুই হাতে কিছু দিয়ে বেঁধে রাখার চিহ্ন রয়েছে।সূত্র জানায়, শাহাদত কিশোর উন্নয়ন কেন্দ্রের পঞ্চম তলার ৪ নম্বর কক্ষে থাকত।টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সাজেদা লতা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি হত্যা, নাকি আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না।কিশোর উন্নয়ন কেন্দ্রের সুপার ইমরান হোসেন বলেন, শাহাদাত আত্মহত্যা করেছে।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাতে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের ভবনের ছাদে ওঠার দরজার তালা ভেঙে সোহেল রাব্বী ও লালু মিয়া নামের দুই কিশোর পালিয়ে যায়। এর আগে গত ৯ এপ্রিল একই কায়দায় রানা ও মহিউদ্দিন হাসান নামের আরও দুই কিশোর কেন্দ্র থেকে পালায়।