কিশোর-কিশোরী ক্লাব গঠনের জন্য সরকার ২ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। প্রকল্পের অধীনে দেশের প্রায় ৪ হাজার ৫৫০টি ইউনিয়ন এবং ৩৩০টি পৌরসভায় কিশোর-কিশোরী ক্লাব গঠন করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদের একটি করে কক্ষ কিশোর-কিশোরীদের জন্য বরাদ্দ থাকবে। গতকাল রোববার মহিলাবিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে কিশোর-কিশোরী ক্লাব-সম্পর্কিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা জানান। তিনি বলেন, কিশোর-কিশোরীরা হচ্ছে সমাজের চেঞ্জমেকার। তাদের প্রশিক্ষিত করতে পারলে সমাজের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব। কিশোর-কিশোরীদের ক্লাবে সংগঠিত করে বাল্যবিবাহ, যৌতুক, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে তাদের সচেতন করা হবে। অভিজ্ঞতা বিনিময়ে সারা দেশে চলমান ৭৯টি কিশোর-কিশোরী ক্লাবের দুজন করে প্রতিনিধি অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি