কিশোর-কিশোরীর নগ্ন ছবি মুঠোফোনে, এএসআই জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের মাদ্রাসাছাত্রী ও এক কিশোর ভ্যানচালকের আপত্তিকর ছবি মুঠোফোনে ধারণ করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ওই কিশোর বাদী হয়ে গত বুধবার রাতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা করেছে।

মামলায় বাবুরহাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমানসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এএসআই আবদুর রহমানকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন এনামুল হোসেন, সাইফুল ইসলাম, ইউসুফ আলী, ইজাবুল ইসলাম, মামুন শেখ, টুকু, ডালিম ও মুজাহিদুল ইসলাম ওরফে জাফর। তাঁরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোর ভ্যানচালক ১২ মার্চ স্থানীয় এস এম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে নিয়ে পাগলবাড়ির মেলায় যাচ্ছিল। নৈলতলা সেতুর কাছে পৌঁছালে আসামিরা প্রেমের সম্পর্কের ‘অপরাধে’ তাদের আটক করেন। এরপর ওই কিশোর-কিশোরীকে তাঁরা মারধর করতে করতে স্থানীয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রাজলক্ষ্মী ফাউন্ডেশনে নিয়ে যান। খবর পেয়ে সেখানে ওই কিশোরীর মা উপস্থিত হন।

পরে দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক মুজাহিদুল ইসলাম সেখানে গিয়ে বাবুরহাট পুলিশ ফাঁড়ির এএসআই আবদুর রহমানকে খবর দেন। আবদুর রহমান সেখানে পৌঁছে ওই কিশোর-কিশোরীসহ কয়েকজনকে (মামলার আসামি) নিয়ে ফাউন্ডেশনের ভবনের দোতলার একটি কক্ষে যান। সেখানে তাঁরা ওই কিশোর-কিশোরীর পোশাক খুলে মুঠোফোন দিয়ে ছবি তোলেন। পরে ওই কিশোর-কিশোরীকে থানায় নিয়ে যেতে চান এএসআই। একপর্যায়ে ওই কিশোর-কিশোরীর অভিভাবকেরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা এবং তাদের বিয়ে দেওয়ার শর্তে মুচলেকা দিয়ে তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে ওই কিশোর-কিশোরীর বিয়ে দেওয়া হয়। পরে ওই ছবি মুঠোফোনের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ার কথা জানতে পারেন ওই কিশোর ভ্যানচালক (মামলার বাদী)।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক হাওলাদার বলেন, এএসআই আবদুর রহমান বাদে মামলার অন্য আসামিদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আবদুর রহমানকে গতকাল গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বিকেল চারটায় পিরোজপুর বিচারিক হাকিম আদালতের জিআরও কমল কান্তি পাইক বলেন, আদালতের বিচারক সত্যব্রত শিকদার আবদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এবং ওই কিশোরীআদালতে জবানবন্দি দিয়েছেন।