কিশোর-কিশোরীর প্রেম, বিয়ের আয়োজনে প্রশাসনের হস্তক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে দুটি বাল্যবিবাহ। এর মধ্যে একটি ঘটনা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে। আরেকটি ছোটভাকলা ইউনিয়নে।

পুলিশ ও অভিভাবক সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নে ১৭ বছর বয়সী এক কিশোরের সঙ্গে ১৩ বছর বয়সী এক কিশোরীর সম্পর্ক হয়। সম্প্রতি ওই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যায় ওই কিশোর। দুই পরিবারের অভিভাবকেরা তাদের বুঝিয়ে আলাদা করার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর কিশোরের পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন করা হয়। পরে কিশোরীর বাবা বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে আজ শনিবার ওই কিশোরের বাড়িতে যান। তিনি উভয় পরিবারের অভিভাবক ও কিশোর-কিশোরীকে বাল্যবিবাহের কুফল ও আইনত শাস্তির বিষয়ে বুঝিয়ে বলেন। অভিভাবকেরা ভুল বুঝতে পারায় তাঁদের মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করেন সহকারী কমিশনার। কিশোরীকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ১৫ বছরের এক কিশোরীর বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার পরিবার। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বিয়েবাড়িতে অভিযান চালান। বর ও কনেপক্ষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানানো হয়। উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা ও দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, দুই স্কুলছাত্রী ও এক অপ্রাপ্তবয়স্ক কিশোরের বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।