কিশোর-কিশোরীরাই একদিন দেশকে উজ্জীবিত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মা তোমাকে এখনই বিয়ে দিতে চাইলে কী করবে—প্রশ্নটি পুরোপুরি শেষ করার আগেই রুমি দের জবাব, ‘প্রতিবাদ করব’।গতকাল শনিবার মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত কিশোর-কিশোরী সম্মেলনে কথা হয় দশম শ্রেণীর শিক্ষার্থী রুমি দের সঙ্গে। মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গঠিত দেশের ৩৭৯টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্য অংশ নিচ্ছে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এ সম্মেলনে। তবে ক্লাবের সদস্য ছাড়াও ঢাকার বিভিন্ন স্কুলের কিছু শিক্ষার্থীও অংশ নেওয়ার সুযোগ পেয়েছে এতে।রুমি দে প্রথম আলোকে জানায়, কিশোর-কিশোরী ক্লাবে গিয়ে সে বাল্যবিবাহের কুফল, এইডস কীভাবে হয়, যৌতুকের খারাপ দিকসহ অনেক বিষয়ে জানতে পেরেছে। এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী শামসুল এবারই প্রথম ঢাকায় এসেছে। সে তার ক্লাবের অভিজ্ঞতার কথা জানাল এভাবে: ‘স্বপ্নদোষ লজ্জার বিষয় না। এটা স্বাভাবিক শারীরিক পরিবর্তনের বিষয়। তবে আগে এ বিষয়ে কথা বলতে অস্বস্তি লাগত।’ মৌলভীবাজারের একটি কিশোর-কিশোরী ক্লাবের সদস্য শামসুল ইসলাম। সম্মেলন উপলক্ষে ঢাকায় এসে হাজার খানেক কিশোর-কিশোরী দুই দিন ধরে হাসছে, খেলছে, কথা বলছে। বাড়ছে তাদের জীবন ও জগৎকে জানার পরিধি। দেশের সাত বিভাগের সাতটি জেলার (গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, ঝালকাঠি, রাঙামাটি, মৌলভীবাজার ও সিরাজগঞ্জ) প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্লাবগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি ক্লাবের সদস্য ২০ জন কিশোরী এবং ১০ জন কিশোর।গতকাল সকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এ সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, জীবনের সব ধাপের মধ্যে কৈশোরের সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ, এ সময় মানুষের শারীরিক ও মানসিক বিকাশ হয়। ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এ সময়টা গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরীরাই একদিন দেশকে উজ্জীবিত করবে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর দেখা, বড় ব্যানারে ‘আমরা কথা দিলাম’ এ শিরোনামে অঙ্গীকারনামায় সই করা, সিসিমপুর পাপেট শো ও জাদু দেখা এবং নতুন শপথ নেওয়াসহ দুই দিনের নানা আনুষ্ঠানিকতা শেষে আজ রোববার কিশোর-কিশোরীরা নিজ নিজ এলাকায় ফিরে যাবে। উদ্যোক্তাদের প্রত্যাশা, নিজেকে, পরিবারকে এবং সমাজকে বদলে দিতে নতুন উদ্যমে কাজ শুরু করবে তারা।