কিশোর খুন আটক ১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাঙ্গিয়া এলাকার হাতিয়ার খালের পাড় নামক স্থান থেকে মোহাম্মদ ফরহাদ (১৪) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানার পুলিশ।
ফরহাদ সাতকানিয়া সদর ইউনিয়নের বালারপাড়া গ্রামের শাহ আলমের ছেলে। গতকাল শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী মোজাম্মেল হক (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। তিনি একই ইউনিয়নের বারদোনা মিয়াজিপাড়া গ্রামের আবদুল হকের ছেলে।
ফরহাদের পারিবারিক সূত্রে জানা যায়, সে চট্টগ্রাম নগরের রেয়াজুদ্দিন বাজারের একটি মুঠোফোনের দোকানে চাকরি করত। গত শুক্রবার চাচার বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছিল। বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে রাতে এলাকার একটি মহিলা মাদ্রাসার মাহফিলে গিয়ে আর বাড়িতে ফেরেনি এবং তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
নিহত কিশোরের চাচা আবদুল আজিজ জানান, ফরহাদ চট্টগ্রাম থেকে বাড়িতে আসার সময় ৩৫ হাজার টাকা দামের একটি মুঠোফোন সেট এনেছিল। এটির লোভে মোজাম্মেলসহ তাঁর বন্ধুরা পরিকল্পিতভাবে ফরহাদকে ছুরি মেরে ও গলা কেটে হত্যা করে হাতিয়ার খালের পাড়ে ফেলে রাখেন। এলাকার লোকজন বিকেলবেলা মোজাম্মেলের পরনের লুঙ্গিতে রক্তের দাগ দেখে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।