কিশোর খুনের দায়ে ৬ জনের যাবজ্জীবন
এসএসসি পরীক্ষার্থীকে খুন করে লাশ গুমের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জননিরাপত্তা ট্রাইব্যুনাল। একই ঘটনায় অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ জজ সৈয়দা হোসনে আরা এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে আসামি সমীর দাশ উপস্থিত ছিলেন, পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা হলেন মাহবুবুল আলম, হাবিবুর রহমান, আমিনুল হক, মিলন বড়ুয়া, আবুল কাশেম ও নূরুল আলম। এ হত্যা মামলায় খালাস পেয়েছেন ইউনুস, আবু সৈয়দ, মনির ও সেলিম নামে চার আসামি।
ট্রাইব্যুনালের কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর আলম বলেন, ২৮ বছর আগে পটিয়ার কেলিশহর এলাকার ছত্তারপিটুয়া গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। যাবজ্জীবন দণ্ডিত আসামিদের সবাই পলাতক আছেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯১ সালের ২১ জুন পটিয়া উপজেলার ছত্তরপিটুয়া গ্রামের দিলীপ বড়ুয়ার ছেলে সুভাষ বড়ুয়াকে (১৬) ঘর থেকে অপহরণ করা হয়। সে ওই বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। অপহরণের পর তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুভাষের বাবা দিলীপ বড়ুয়া বাদী হয়ে পটিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ দুজনকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে, সুভাষকে অপহরণের পর হাইদগাঁও পাহাড়ে নিয়ে খুন করে মরদেহ পুঁতে ফেলা হয়েছে। সুভাষের মরদেহ পরবর্তী সময়ে আর পাওয়া যায়নি।
পুলিশ পরবর্তী সময়ে ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ গঠনের পর ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হলো।