কিশোর চালাচ্ছে প্রাইভেট কার, ধাক্কায় আহত শিশু
ব্যক্তিগত গাড়িটি চালাচ্ছিল ১২-১৩ বছরের এক কিশোর। পাশে বসে ছিলেন গাড়ির চালক। রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ছায়ানট ভবনের সামনে দিয়ে আসছিল গাড়িটি।
এ সময় রাস্তা পার হয়ে ৯-১০ বছরের মেয়েকে নালন্দা স্কুলে নিয়ে যাচ্ছিলেন এক বাবা। কিশোর চালকের গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গেলেন দুজনেই।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু শিক্ষার্থীর নাম নিকিতা মুখার্জি। বাবার নাম গৌরশংকর মুখার্জি। তাঁদের শংকরের বেসরকারি একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সজীব ওনাসিস নামের এক ব্যক্তি জানান, তিনিও তাঁর সন্তানকে নালন্দা স্কুলে নিয়ে যাচ্ছিলেন। শংকরে ছায়ানট ভবনের কাছে আসতেই হঠাৎ চিৎকার শোনেন। কাছে গিয়ে দেখেন, সাদা রঙের ব্যক্তিগত গাড়িটির ধাক্কায় নিকিতা ও তাঁর বাবা গৌরশংকর রাস্তায় পড়ে আছেন। নিকিতা গাড়িটির সামনের চাকা বরাবর পড়ে ছিল। গাড়িটি চালাচ্ছিল ১২-১৩ বছরের এক কিশোর।
সজীব ওনাসিসের ভাষ্য, আশপাশের লোকজন চালকের আসনে বসা ছেলেটিকে প্রশ্ন করেন। এতে সে চিৎকার করে বলতে থাকে, ‘এ রকম ঘটনা ঘটতেই পারে। আপনারা আমাকে পুলিশে দেন।’ উত্তেজিত লোকজন গাড়িটি ভাঙচুর করার চেষ্টা করেন। তবে কয়েকজন পরিস্থিতি সামাল দেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এরপর ঘটনাস্থলে আসেন। চালকের আসনে বসা কিশোরের অভিভাবকদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে তিনি জানান। ওই কিশোর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে বলে তিনি জানান।