কিশোর, নারীসহ ৬ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে গতকাল বুধবার বিকেলে দ্রুতগামী বাসের চাপায় এক কিশোর নিহত ও তাঁর বন্ধু আহত হয়েছে। সিলেটে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন অটোরিকশার দুই আরোহী। এ ছাড়া গত মঙ্গলবার থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দুটি জেলায় সড়কে প্রাণ হারিয়েছেন তিনজন।

এ নিয়ে গত ১৪২ দিনে বিভিন্ন জেলায় সড়কে প্রাণ গেল ১ হাজার ২৯০ জনের। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বিকেলে বাসচাপায় নিহত কিশোরের নাম মো. সুজন (১৬)। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে। এ সময় আহত হয় একই গ্রামের হায়েত আলীর ছেলে ও সুজনের বন্ধু জাহাঙ্গীর আলম (১৬)। দুই বন্ধু মোটরসাইকেলযোগে ময়মনসিংহ থেকে গাজীপুরের শ্রীপুরে যাচ্ছিল। পথে পেছন থেকে দ্রুতগতিতে আসা বাসটি তাদের চাপা দেয়।

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে গতকাল সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন অটোরিকশাযাত্রীকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর সদরের বাখুন্ডা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল সকালে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলচালক রফিকুল ইসলাম (২৬) নিহত ও তাঁর দুই ভাগনে আহত হন। রফিক নগরকান্দা উপজেলার শাকপালদিয়া গ্রামের বাসিন্দা আবু জাফরের ছেলে। এ ঘটনায় এলাকাবাসী মহাসড়কটি অবরোধ করেন। আধা ঘণ্টা পর পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

নাটোরে চারটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হন। গতকাল সকালে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতিরপাড়, নাটোর-পাবনা মহাসড়কের আহম্মদপুর ও গাজিরবিল এবং লালপুর উপজেলার সাইপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রামের সুতিরপাড়ে মালবাহী ট্রাকের সঙ্গে একটি ছোট ট্রাকের সংঘর্ষে মিনি ট্রাকের চালকের সহকারী জাকির হোসেন ঘটনাস্থলে নিহত হন। উপজেলার আহম্মদপুরে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত হন ছয়জন। সদর উপজেলার গাজীরবিলে ট্রাক উল্টে আহত হন দুজন।

এ ছাড়া বিকেলে লালপুর উপজেলার সাইপাড়ায় লালপুর-আবদুলপুর সড়কে অটোচার্জার ভ্যানের সঙ্গে পাওয়ার টিলারের সংঘর্ষে মতিজান বেওয়া (৫২) নামের এক নারী মারা যান। তাঁর বাড়ি রাজশাহীর বাঘায়। মতিজান ওই ভ্যানে করে লালপুরের অর্জুনপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।