কিশোর শ্রমিকের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন (মাইক্রোফান হাতে) কিশোর শ্রমিক তারিকুলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন  l ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন (মাইক্রোফান হাতে) কিশোর শ্রমিক তারিকুলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন l ছবি: প্রথম আলো

পারিবারিক অসচ্ছলতার কারণে বিদ্যালয় থেকে ঝরে পড়া এক শিশু শ্রমিকের লেখাপড়ার দায়িত্ব নিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। ওই শিশু শ্রমিকের নাম তারিকুল ইসলাম (১৩)। বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামে।
গতকাল সোমবার বেলা ১১টায় সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময়’ সভায় তারিকুল মাইক সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করছিল। ওই সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। একপর্যায়ে তারিকুল জেলা প্রশাসকের নজরে আসে।
পরে জেলা প্রশাসক তারিকুলকে মঞ্চে ডেকে এনে তার বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চান। এ সময় তারিকুল তাঁর পরিবারের অভাব-অনটনের কথা জানায় এবং লেখাপড়ার ইচ্ছা প্রকাশ করে। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তার লেখাপড়ার দায়িত্ব নেন। সভায় ওই শিশুকে বিদ্যালয়ে ভর্তি করাসহ তার লেখাপড়া ও দেখভালের জন্য সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকারকে দায়িত্ব দেন।
ওই অনুষ্ঠান শেষে তারিকুল বলে, বাবা আলাল মিয়া একজন দরিদ্র কৃষক। অভাবের তাড়নায় বড় ভাই মনির রাজমিস্ত্রির কাজ করেন। সংসারে অভাব-অনটন থাকায় পঞ্চম শ্রেণি পাসের পর তারিকুলের লেখাপড়া বন্ধ হয়ে যায়। গত বছর তারিকুল সখীপুরে এসে হৃদয় পাশা সাউন্ড সিস্টেম নামের একটি মাইক সার্ভিসের দোকানে শ্রমিকের কাজ নেয়।
ইউএনও মৌসুমী সরকারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, সখীপুর থানার ওসি মাকছুদুল আলম প্রমুখ।