কিশোর হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
কুষ্টিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যার অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিউর রহমান আজ সোমবার এ রায় দেন। ওই যুবক পলাতক।
সাজাপ্রাপ্ত যুবক হলেন মিন্টু (২৩)। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৮ সালের ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের ইয়াজুল হকের ছেলে মিঠুকে (১৬) তার বাড়ি থেকে মিন্টু ও হাচান ডেকে নিয়ে যায়। এরপর থেকে মিঠু নিখোঁজ হয়। পরদিন বেলা আড়াইটার দিকে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে মিঠুর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। মিঠু একই এলাকার শেহালা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় নিহত মিঠুর বাবা বাদী হয়ে মিন্টু ও হাচানকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে হাচানকে বাদ দিয়ে মিন্টুর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য শেষে মিন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এ পরিপ্রেক্ষিতে আদালত রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী। তিনি প্রথম আলোকে বলেন, মিন্টুকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। সাক্ষ্য নেওয়ার সময় থেকে মিন্টু পলাতক।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আবদুল মোতালেব।