কিশোর হত্যায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার অনন্তপুর গ্রামের স্কুলছাত্র স্বপন মিয়াকে (১৪) হত্যার দায়ে একই গ্রামের দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ আজ বৃহস্পতিবার সকালে এই রায় দেন।

দণ্ড পাওয়া তিনজন হলেন শহীদ মিয়া (৫০) ও তাঁর ভাই সাগর মিয়া (২৮), এবং জাহাঙ্গীর (২৫)। জাহাঙ্গীর ও সাগর মিয়া পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, স্বপনের বাবা গোলাম মাওলার সঙ্গে শহীদ মিয়া ও জাহাঙ্গীরদের জমি-জমা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে ২০০৫ সালের ২৭ অক্টোবর স্বপনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় স্বপন মারা যায়। স্বপনের বাবা ২৯ অক্টোবর নেত্রকোনা সদর থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করে।