কিশোরকে কুপিয়ে হত্যারঅভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাঘবপুর গ্রামে গত শনিবার রাতে মেহেদী হাসান (১৬) নামের এক কিশোরকে তার বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নিহত কিশোরের মা আনোয়ারা বেগম বাদী হয়ে গতকাল রোববার উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেহেদী হাসান উপজেলার রাঘবপুর গ্রামের মো. শাহজালালের ছেলে। পঞ্চক্রোসী উচ্চবিদ্যালয় থেকে সে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। শনিবার রাতে ভাত খাওয়ার সময় তার দুই বন্ধু আমিরুল ইসলাম ও আবদুল কাইয়ুম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি।
গতকাল সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বালুচরের মধ্যে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নিহত মেহেদীর পেট, বুক ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় তার মা বাদী হয়ে আমিরুল ও কাইয়ুমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক।