কিশোরকে গলা কেটে হত্যা, দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশকে তথ্য দেওয়ায় যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের শাহেদ শেখ (১৭) নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলার দুটি স্থান থেকে গতকাল মঙ্গলবার একটি ওষুধ বিপণনকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার সন্ধ্যায় যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামে মামাবাড়িতে অবস্থান করছিল শাহেদ। এ সময় তার তিন বন্ধু তাকে বেড়াতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে করে নিয়ে যায়। গত সোমবার সকালে নড়াইল সদর উপজেলার কাইজদাহ গ্রাম থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দিনই খুলনার ফুলতলা উপজেলার মধ্যডাঙা গ্রামের সোহেলকে আটক করে। এ ঘটনায় শাহেদের মা ছবি খাতুন বাদী হয়ে সোমবার রাতে অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামের রাসেল, শুভরাড়া গ্রামের মামুন ও সোহেলের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন। শাহেদের চাচা রবিউল ইসলাম বলেন, ‘শাহেদ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পারিবারিক চাপে সে স্বাভাবিক জীবনে ফিরে আসছিল। সন্ত্রাসীদের সম্পর্কে সে পুলিশকে তথ্য দিত। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।’
গতকাল সকালে ফরিদপুর শহরের আলীপুর মহল্লার কবি জসীমউদ্দীন সড়কে আনসারউদ্দিন সরদারের বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে নারায়ণ চন্দ্র সাহার (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফরিদপুরে একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার রায় গ্রামে। গতকাল সকালে ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলীয়াবাদ গ্রামের শেখ আলেপের বাড়ি থেকে তাঁর স্ত্রী সাজেদা বেগমের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।